রেহাই পেলেন না এসআইও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) কাছ থেকে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পরিচয়ে প্রতারণা করে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত শুক্রবার রাতে কিশোরগঞ্জ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া যুবকের নাম সোহাগ মাহমুদ ওরফে বাপ্পী (৩৩)। তাঁর বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া গ্রামে।
এসপি বলেন, গত ২২ আগস্ট এসআই আকরাম হোসেনের কাছে সোহাগ মাহমুদ ফোন করে ডিআইজি স্যার কথা বলবেন বলে জানান। পরে ডিআইজি পরিচয়ে এক ব্যক্তি তাঁকে বলেন, ‘আমার জরুরিভিত্তিতে কিছু টাকা লাগবে। পরে ফেরত দেব।’ এ কথা শুনে তিনি একটি বেসরকারি ব্যাংকের মুঠোফোন ব্যাংকিংয়ের মাধ্যমে একটি নম্বরে ৫০ হাজার টাকা পাঠান। পরে বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর জেলা পুলিশ প্রযুক্তির মাধ্যমে মুঠোফোন অনুসরণ করে সোহাগ মাহমুদের অবস্থান নিশ্চিত হয়। শুক্রবার রাতে কিশোরগঞ্জ জেলা সদর থেকে তাঁকে আটক করা হয়। এর আগে তিনি একইভাবে হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জে প্রতারণা করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) নুরে আলম, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইরামত হোসেন গাজী প্রমুখ। এ সময় আরও জানানো হয়, গতকাল ভোরে পুলিশ ময়মনসিংহ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রেজাউল, খোরশেদ আলম, সুমন ও বিপ্লব নামের সন্দেহভাজন চার ছিনতাইকারীকে আটক করে। এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে রেজাউল আহত হন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।