রোগবালাই ও বৃষ্টির পরও আমনের ফলনে খুশি কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দফা বৃষ্টি ও খেতে রোগবালাইয়ের আক্রমণের পরও কক্সবাজারের মহেশখালী উপজেলায় এবার আমনের ফলন ভালো হয়েছে। ইতিমধ্যে কৃষকেরা গোলায় ধান তুলতে শুরু করেছেন। ফলন দেখে কৃষকেরা বলছেন, গত বছরের চেয়ে এবার গোলায় বেশি ধান তুলতে পারবেন তাঁরা।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এবার উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নে এবার ৮ হাজার ২০০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। উচ্চফলনশীল জাতের বিআর ১০, বিআর ১১, বিআর ২৩, বিআর ৩২ এবং স্বর্ণালি পায়জামসহ বিভিন্ন জাতের ধানের চাষ করেছেন কৃষকেরা। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫২ হাজার মেট্রিক টন; যা গত বছরের চেয়ে দুই হাজার মেট্রিক টন বেশি। কৃষি কর্মকর্তারা বলছেন, খেতে যেভাবে ফলন এসেছে, তাতে লক্ষ্যমাত্রা অর্জিত হবে।
গত মাসের শেষ সপ্তাহ থেকে উপজেলার বিভিন্ন গ্রামে ধান কাটা শুরু হয়েছে। সরেজমিনে দেখা যায়, মহেশখালী পৌরসভা, কুতুবজোম, ছোট মহেশখালী ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় কৃষকেরা ধান কাটা নিয়ে ব্যস্ত। কালারমারছড়া ইউনিয়নের ঝাপুয়ার গিয়ে কথা হয় কৃষক আমানুল করিমের সঙ্গে। দুজন শ্রমিক নিয়ে খেতের ধান কাটছিলেন তিিন।
কৃষক আমানুল করিম বলেন, ‘এবার কয়েক দফা বৃষ্টি আর পোকার আক্রমণ সত্ত্বেও ফলন খুব ভালো হয়েছে। এত ভালো ফলন হবে ভাবিনি।’
হোয়ানক ইউনিয়নের হরিয়াছড়া ব্লকে দায়িত্বরত উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ কাইছার উদ্দিন বলেন, আবহাওয়া প্রতিকূলে থাকার কারণে এবার আমন চাষ ব্যাহত হয়েছিল শুরুর দিকে। পাশাপাশি সেপ্টেম্বরের শেষের দিকে বিভিন্ন এলাকায় আমন খেতে পোকার আক্রমণ দেখা দেয়। পরে এই রোগ প্রতিরোধ করার জন্য কৃষি অফিস থেকে ছয়টি দল মাঠপর্যায়ে কাজ করে। রোগ নিয়ন্ত্রণ হওয়ায় ধানের বাম্পার ফলন হয়েছে।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা শামসুল আলম বলেন, মাঠপর্যায়ে কৃষি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমের কারণে গত বছরের তুলনায় এবারে আমন ধানের বেশ ভালো ফলন হয়েছে। এতে অন্তত ১৯ হাজার কৃষকের মুখে হাসি ফুটেছে। তিনি বলেন, ইতিমধ্যে বিভিন্ন স্থানে আমন ধান কাটার উৎসব চলছে। ফলে ফলন ভালো হওয়ায় উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।