বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের হৃদ্রোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ও ওয়ার্ডসহ সবখানেই রোগীর ভিড়। মেঝেতেও কয়েকজন রোগী চিকিৎসা নিচ্ছেন।
একজন রোগী অভিযোগ করলেন, প্রতিদিন সকালে একবার করে বিশেষজ্ঞ চিকিৎসক আসেন। দুপুরের পর মুমূর্ষু রোগী ভর্তি হলেও ভরসা রেজিস্ট্রার আর শিক্ষানবিশ চিকিৎসকেরা।
জরুরি ও ক্যাজুয়ালটি বিভাগেও বেশ কয়েকজন মুমূর্ষু রোগীকে মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে দেখা গেল। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা বগুড়ার সোনাতলার হলিদাবগা গ্রামের মোখলেছ আলী বলেন, দুর্ঘটনায় চোট খেয়ে এখানে এসেছেন। সকাল থেকে কোনো চিকিৎসকের দেখা পাননি।
গতকাল বৃহস্পতিবারের মতো প্রতিদিনই এই হাসপাতালে রোগীর ভিড় থাকে। রোগীর ভিড়ে চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হয় চিকিৎসকদের। হাসপাতালে আইসিইউ না থাকার কারণেও সমস্যা হচ্ছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাসুদ আহসান বলেন, ৫০০ শয্যার এ হাসপাতালে গড়ে প্রতিদিন ৮০০ রোগী ভর্তি থাকেন। বহির্বিভাগে সেবা দিতে হয় আরও এক থেকে দেড় হাজার রোগীকে। এত রোগীর চাপ থাকা সত্ত্বেও সর্বোত্তম সেবা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।
শুধু হাসপাতালে নয়, পর্যাপ্ত শিক্ষক না থাকায় হাসপাতালের সঙ্গে সংযুক্ত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। কলেজে শিক্ষকের অনুমোদিত পদ আছে ১৪১টি। এর মধ্যে ৫৮টি পদে শিক্ষক নেই। এর মধ্যে ২৩টি অধ্যাপকের মধ্যে ১৮টিই ফাঁকা।
অবশ্য কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, শিক্ষকের শূন্য আসনের তথ্য তাঁরা প্রতি মাসেই স্বাস্থ্য অধিদপ্তরেও পাঠাচ্ছেন। কিন্তু পর্যাপ্ত শিক্ষক পাওয়া যাচ্ছে না।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই কলেজে আগে এমবিবিএস প্রথম বর্ষে প্রতিবছর ৫০ জন করে শিক্ষার্থী ভর্তি করা হতো। এখন প্রতিবছর ভর্তি হয় ১৪২ জন। বর্তমানে এমবিবিএস স্তরে মোট ৮৫৪ জন ও স্নাতকোত্তর স্তরে ৪৮ জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু সেই তুলনায় শিক্ষকের পদ বাড়েনি। ফলে ক্লাস নিতে হিমশিম খেতে হয় বর্তমানে কর্মরত শিক্ষকদের।
বর্তমানে কলেজে ফিজিওলজি, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজি, ইএনটি ও অ্যানেসথেসিওলজি বিভাগে একজন করে মোট পাঁচজন অধ্যাপক রয়েছেন। বিপরীতে অ্যানাটমিসহ একাধিক বিভাগে অধ্যাপক নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ‘ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট’ না থাকায় হৃদ্রোগ বিভাগে এনজিওগ্রামসহ প্রয়োজনীয় কিছু চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া এ বিষয়ে স্নাতকোত্তর কোর্স চালু হলেও অধ্যাপকের অভাবে সেটা চালু রাখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যেকোনো মেডিকেল কলেজের জন্য ফরেনসিক মেডিসিন বিভাগ খুবই গুরুত্বপূর্ণ হলেও এই কলেজে এই বিভাগে ছয়টি অনুমোদিত পদের মধ্যে একটি অধ্যাপকসহ দুটি পদই খালি। বিভাগের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, ফরেনসিক বিভাগে একজন নারী শিক্ষক খুব প্রয়োজন। কিন্তু এখানে না থাকায় তাঁদের প্রায় সময় বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়। অনেক নারী পুরুষ চিকিৎসকের কাছে পরীক্ষা করাতে রাজি হন না। অন্তত প্রভাষক পদে কোনো নারী দেওয়া গেলেও এই সমস্যা কিছুটা দূর হতো। এ ছাড়া প্রায় সময়ই এই বিভাগের শিক্ষকদের সাক্ষী দিতে আদালতে যেতে হয়। তখন ক্লাস নেওয়া যায় না।
ফিজিওলজি বিভাগের একজন শিক্ষক প্রথম আলোকে বলেন, অনেক সময়ই প্রভাষক পদে মাত্র তিন-চার মাসের জন্য শিক্ষক আসেন। পরে চলে যান। এ জন্য খুবই সমস্যা হয়। এ বিষয়ে স্থায়ী সমাধান হওয়া দরকার।
কলেজের দেওয়া তথ্যানুযায়ী, সহযোগী অধ্যাপকের ৩৮টি পদের মধ্যে ২০ জন কর্মরত আছেন। বাকি ১৮টি পদই খালি। সহকারী অধ্যাপকের ৫১টি পদের মধ্যে কর্মরত ৩৫ জন।
প্রভাষকের ২৯টি অনুমোদিত পদের মধ্যে ছয়টি পদ খালি। একজন সহকারী অধ্যাপক দিয়ে চলছে বায়োকেমিস্ট্রি বিভাগ। প্যাথলজি বিভাগের চারটি পদের মধ্যে তিনটিই শূন্য। পেডিয়াট্রিক সার্জারি বিভাগ চলছে একজন সহযোগী অধ্যাপক দিয়ে।