রোহিঙ্গা অনুপ্রবেশ চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া মিয়ানমারের পেরাংপুরু গ্রামের গৃহবধূ বেগম বাহার (২৮)। সঙ্গে দুই সন্তান। ছবি : গিয়াস উদ্দিন, টেকনাফ।
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া মিয়ানমারের পেরাংপুরু গ্রামের গৃহবধূ বেগম বাহার (২৮)। সঙ্গে দুই সন্তান। ছবি : গিয়াস উদ্দিন, টেকনাফ।

দুদিন ধরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন বেগম বাহার। সঙ্গে ছিলেন আরও ১৮ জন। শেষ পর্যন্ত গতকাল রোববার দিবাগত রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাংলাদেশে ঢুকে পড়তে সক্ষম হয়েছেন তাঁরা। 

কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা বস্তিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী বেগম বাহার আজ সোমবার প্রথম আলোকে এ কথা জানান। মিয়ানমারের পেরাংপুরু গ্রামের বাসিন্দা তিনি। তিনি বলেন, মিয়ানমারের সেনা ও রাখাইন যুবকদের ভয়াবহ নির্যাতন থেকে বাঁচতে তাঁরা পালিয়ে এসেছেন। তিনিসহ একটি নৌকায় শিশু, নারী ও পুরুষ মিলে মোট ১৮ জন ছিলেন। দুদিন ধরে নাফ নদী দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন তাঁরা। বিজিবির সতর্ক পাহারা থাকায় সহজে ঢুকতে পারছিলেন না। শেষ পর্যন্ত রাত তিনটার দিকে মোচনি সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করতে পেরেছেন তাঁরা।
জানা গেছে, রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে নির্যাতনের পাশাপাশি নতুন কৌশল নিয়েছে মিয়ানমারের সেনা ও পুলিশ। রাতের বেলায় রোহিঙ্গাদের নৌকায় তুলে দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করাতে ফাঁকা গুলিবর্ষণ করছে তারা।
তবে বিজিবি জানিয়েছে, সীমান্তে নজরদারি জোরদার রয়েছে। রোহিঙ্গা বহনকারী অনেক নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গতকাল রাত আটটা থেকে আজ ভোর পাঁচটা পর্যন্ত টেকনাফ উপজেলার ৬টি সীমান্ত এলাকা দিয়ে ১১টি নৌকায় বোঝাই রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালান। প্রতিটি নৌকায় ১৫ থেকে ১৮ জন করে শিশু, নারী ও পুরুষ ছিলেন।
এ ব্যাপারে জানতে চাইলে, টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ প্রথম আলোকে বলেন, নাফ নদীর মিয়ানমার সীমান্তে রাতে প্রচুর গুলিবর্ষণের ঘটনা ঘটছে। কর্মকর্তারা দল নিয়ে গতকাল রাত থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত নাফ নদীর বিভিন্ন পয়েন্টে টহল দিয়েছেন। পাশাপাশি নাফ নদীর উপকূলীয় বেড়িবাঁধের বিভিন্ন স্থানে বিজিবির সদস্যরা রাত-দিন চোরাচালান ও রোহিঙ্গাদের অনুপ্রবেশ রোধে তৎপর রয়েছেন।
তিনি বলেন, টহলের সময়ে ৬টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গা বহনকারী ১১টি নৌকাকে বাধা দেওয়া হয়। সব নৌকাকে মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।