তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
রোগী বেড়েছে, তবে সেবায় ঘাটতি
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় অস্ত্রোপচার হচ্ছে না। মেকানিক (জুনিয়র) সাময়িক বরখাস্ত থাকায় হাসপাতালের জেনারেটরটি অলস পড়ে আছে।
‘হাসপাতাল কোনার বয়স তিন যুগ। এটে কোনা অপারেশন করার ডাক্তারও আছে। অপারেশন করার ঘরও (অপারেশন থিয়েটর) আছে। খালি অবশ (অ্যানেসথেসিয়া) করার ডাক্তার নাই। এই ডাক্তার কোনা না থাকায় হামার এটে থাকার মহিলার ঘরোক রংপুর যেয়া অপারেশন করিবার নাগোছে। এতে মেলা টাকা খরচ হয়ছে।’
রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন উপজেলার নারায়ণজন গ্রামের গৃহবধূ ময়না খাতুন (৩০)। ৪ অক্টোবর তিনি হাসপাতালে সেবা নিয়ে এসেছিলেন।
হাসপাতালটিতে জুনিয়র কনসালট্যান্ট অ্যানেসথেসিয়া পদটি দীর্ঘদিন ধরে শূন্য থাকায় অস্ত্রোপচার হচ্ছে না। মেকানিক (জুনিয়র) সাময়িক বরখাস্ত থাকায় হাসপাতালের জেনারেটরটি অলস পড়ে আছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর সংখ্যা বাড়লেও, চিকিৎসকসংকটে তারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে স্থাপিত ৩১ শয্যার হাসপাতালটিতে চিকিৎসকের পদ রয়েছে ৯টি। বর্তমানে কর্মরত আছেন পাঁচজন। এ ছাড়া নার্সের ১২টি পদের মধ্যে আছেন ১০ জন। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৮২টি পদের মধ্যে কাজ করছেন ৭২ জন। উপজেলার ২ লাখ মানুষের বিপরীতে এখানে রয়েছে মাত্র ৩১ শয্যা। আরও ২০ শয্যা সম্প্রসারণের জন্য নতুন ভবন করা হলেও প্রয়োজনীয় জনবল ও উপকরণ না থাকায় তা চালু হয়নি। হাসপাতালের জেনারেটরটি দুই বছর ধরে অলস পড়ে আছে। জুনিয়র মেকানিক সাময়িক বরখাস্ত থাকায় জেনারেটরটি চলছে না। ব্যবহার না হওয়ায় জেনারেটরের ব্যাটারিসহ মূল্যবান যন্ত্রাংশ নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। গরমের সময় বিদ্যুৎ চলে গেলে রোগীদের পড়তে হয় দুর্ভোগে।
এদিকে করোনাভাইরাস সংক্রমণের প্রথম দিকে রোগী কম থাকলেও এখন বাড়তে শুরু করেছে। হাসপাতাল সূত্রে জানা যায়, গত মাসে হাসপাতালে মোট ১৫ হাজার রোগী সেবা নিয়েছে। করোনা আতঙ্কে অনেকে রোগী হাসপাতালে আসেনি। গত এপ্রিল, মে ও জুনে গড়ে পাঁচ হাজার মানুষ চিকিৎসা নিয়েছে। আগস্ট থেকে আবার রোগী বাড়তে শুরু করে।
হাসপাতালে গিয়ে দেখা যায়, অসংখ্য মানুষের ভিড়। বহির্বিভাগের সেবা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে সবাই। চিকিৎসকদের চেম্বার ঘিরে রোগী ও স্বজনদের জটলা। চিকিৎসা নিতে আসা খিয়ারজুম্মা গ্রামের রোকেয়া বেগম বলেন, ‘সকাল ৯টা থাকি বেলা ১১টা পর্যন্ত লাইনোত দাঁড়ে আছুং। ভিড়ের তকনে টিকিট নিবার পাও নাই। আইজ ডাক্তার দেখার পাইম কি না আল্লায় জানে।’
হাজারীরহাট গ্রামের পারভীনা বেগম বলেন, ‘দুই ঘণ্টা লাইনোত দাঁড়ে থাকি টিকিট নিয়া ডাক্তার দেখানু। ডাক্তার কইল কী হইছে? এরপর একনা কাগজোত নেকি দেইল। সেইকনা কাগজ দিয়া ওষুধ নিনু। এখন কেমন করি খাইম? তাক তো কইল না।’
প্রামাণিকপাড়া গ্রামের গৃহবধূ খয়রন বেগম বলেন, ‘অনেক কষ্টে টিকিট নিয়া মোর বেটা ইউসুফোক ডাক্তার দেখানু। মুই চানু সিরাপ, ডাক্তার নেকি দিলে ট্যাবলেট। ছোট ছাওয়া কি ট্যাবলেট খাবার পায়।’
হাসপাতালের মহিলা ওয়ার্ডের রোগী তহমিনা খাতুন (৩৫) বলেন, ‘কারেন্ট গেইলে হামার হয় যন্ত্রণা। এটে ফ্যান ঘোরে না। গরমের তকনে রুমোত থাকতে কষ্ট হয়। মশার কামড়ে থাকা যায় না।’
পুরুষ ওয়ার্ডের রোগী দীনেশ চন্দ্র বলেন, ‘এখানে বিড়ালের অত্যাচারে খাবার রাখা মুশকিল। সুযোগ পেলে বিড়াল খাবারে মুখ দেয়।’
কুর্শা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আফজালুল হক বলেন, ‘হাসপাতালে অপারেশন থিয়েটার রয়েছে। কিন্তু অ্যানেসথেসিয়া দেওয়ার চিকিৎসক না থাকায় এখানে অস্ত্রোপচার হচ্ছে না। বিদ্যুৎ গেলে জেনারেটর থাকলেও তা চালানো হয় না। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিষয়টি নিয়ে আগামী উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় আলোচনা করব।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী বলেন, হাসপাতালে ওষুধের অপ্রতুলতা নেই। কিন্তু চিকিৎসকের অভাব রয়েছে। আগের চেয়ে তিন গুণ রোগী বেড়েছে। হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট মেডিসিন, অ্যানেসথেসিয়া ও চিকিৎসক এবং সার্জারি বিভাগে জরুরি ভিত্তিতে চিকিৎসক প্রয়োজন।
মোস্তফা জামান চৌধুরী জানান, হাসপাতালে আরও ২০ শয্যা সম্প্রসারণ করা হলেও জনবল ও প্রয়োজনীয় উপকরণের অভাবে তা চালু করা যাচ্ছে না। এ বিষয়ে লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু এখনও কোনো সাড়া মেলেনি।