রোগী ভর্তি বন্ধের নোটিশ খোলা হলো তিন ঘণ্টা পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুরক্ষা সরঞ্জাম না পেয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকেরা ভর্তি বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছেন। ছবি: মানাউবী সিং
সুরক্ষা সরঞ্জাম না পেয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকেরা ভর্তি বন্ধের নোটিশ টাঙিয়ে দিয়েছেন। ছবি: মানাউবী সিং

ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না পেয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকেরা রোগী ভর্তি বন্ধের নোটিশ টাঙিয়েছিলেন। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নোটিশটি টাঙানো হয়। পরে বেলা আড়াইটার দিকে সেটি খুলে ফেলা হয়।

দেশজুড়ে চিকিৎসক ও নার্সরা নভেল করোনা-সতর্কতায় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম বা পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) সরবরাহের দাবি জানিয়ে আসছেন। পিপিই না পেয়ে চিকিৎসকদের মধ্যে ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে। এ পরিস্থিতির মধ্যে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি বন্ধের নোটিশ ঝুলিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা।

দুপুর ১২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার প্রসূতি বিভাগের সামনে দেখা গেছে পাঁচ-ছয় ব্যক্তি পায়চারি করছেন। ফটকের সামনে দাঁড়ানো এক ব্যক্তি ভেতরে রোগীর স্বজনদের প্রবেশে বাধা দিচ্ছিলেন। ফটকের ডান পাশে টাঙানো রয়েছে ‘পর্যাপ্ত পিপিই না সরবরাহ করায় রোগী ভর্তি বন্ধ’।

প্রসূতি বিভাগের সামনে অপেক্ষারত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে আসা অজয় চৌধুরী নামের এক ব্যক্তি জানান, বেলা ১১টার দিকে স্ত্রীকে ভর্তি করান। স্ত্রীর প্রসববেদনা হচ্ছে। এদিকে সাড়ে ১১টায় ভর্তি বন্ধের নোটিশ ঝোলাতে দেখে দুশ্চিন্তা হচ্ছে।

সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা সুদেব দাস বলেন, ‘প্রসূতি স্ত্রীকে নিয়ে হাসপাতালে এসেছি। এখন এখানে এসে দেখি ভর্তি করা হবে না, এমন নোটিশ টাঙানো। স্ত্রীকে ভেতরে পাঠিয়েছি।’

বেলা তিনটার দিকে অজয় চৌধুরী বলেন, স্ত্রীর অস্ত্রোপচার করে বাচ্চা হয়েছে। মা ও সন্তান দুজনই ভালো রয়েছেন। আর বিভাগের সামনের নোটিশটিও খুলে ফেলা হয়েছে।

প্রসূতি বিভাগের একজন নার্স বলেন, ‘পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম না থাকায় চিকিৎসকের পাশাপাশি আমরাও ঝুঁকিতে রয়েছি। আমাদের রোগীর সংস্পর্শে আসতে হয়। রোগীদের স্যালাইন, ইনজেকশন দিতে হয়, ওষুধ খাওয়াতে হয়।’ তিনি জানান, ব্যক্তিগত সুরক্ষার চিন্তা করে সোমবার (আজ) নিজ খরচে ‘রেইনকোট’ কিনে কাজে (হাসপাতালে) আসবেন।

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, পিপিইর স্বল্পতা রয়েছে। তবে সরবরাহ করা হচ্ছে। স্থানীয়ভাবে কিছু সংগ্রহ করা হয়েছে। আর সব বিভাগে পিপিইর প্রয়োজনও নেই।

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ইউনুছুর রহমান বলেন, ‘হাসপাতালে পিপিই আছে। আমরা সেটি সরবরাহ করেছি। প্রসূতি বিভাগের রোগী ভর্তি এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।’