রোগী সেজে গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে রোগী সেজে ঘরে ঢুকে এক গ্রাম্য চিকিৎসককে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর পূর্ব–দক্ষিণপাড়ায় মহাজনবাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
হামলার শিকার ওই গ্রাম্য চিকিৎসকের নাম সন্তোষ বিশ্বাস (৫৫)। তিনি পূর্ব–দক্ষিণপাড়ার মহাজনবাড়ির সতীশ বিশ্বাসের ছেলে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই রাতেই সন্তোষ বিশ্বাসের প্রতিবেশী শংকর পাটারিকে (২২) আটক করেছে পুলিশ। শংকর পাটারি ওই গ্রামের স্বপন পাটারির ছেলে। এ সময় সন্তোষকে হত্যাচেষ্টার কাজে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।
সন্তোষ বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার রাত ১১টার দিকে আমি ঘরে ঘুমাচ্ছিলাম। পাশের বাড়ির স্বপন পাটারির ছেলে শংকর পাটারি এসে ওষুধের কথা বলে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। এ সময় তার অ্যাজমার ওষুধ লাগবে বলে আমাকে জানায়। আমি দরজা খুললে কিছু বুঝে ওঠার আগেই শংকর পাটারি ধারালো ছুরি দিয়ে আমার গলায় আঘাত করে। আমি ঠেকাতে গেলে ওই ছুরির আঘাতে আমার দুটি আঙুল কেটে আমার গলার অনেকাংশ কেটে যায়।’
চিকিৎসকের প্রতিবেশী রঘুনাথপুর গ্রামের রণজিৎ বিশ্বাস (৪৫) বলেন, ‘চিৎকার শুনে আমরা ডাক্তারের বাড়িতে দৌড়ে যাই। সেখানে গিয়ে ঘরের দরজার সামনে তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।’
গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মো. সোহেল উল্লাহ বলেন, ‘রাত সাড়ে ১১টার দিকে একজন শিক্ষানবিশ চিকিৎসক মোবাইল ফোনে আমাকে বিষয়টি জানান এবং দ্রুত আসতে বলেন। আমি তাৎক্ষণিক হাসপাতালে এসে দেখি, রোগীর গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে তাঁর গলার প্রায় ১০ সেন্টিমিটার অংশ কেটে যায়। সেখানে ২৫টি সেলাই দেওয়া হয়েছে। অল্পের জন্য শ্বাসনালি কাটেনি। এ ছাড়া হাত দিয়ে ঠেকানোর কারণে তাঁর ডান হাতের দুটি আঙুলও কেটে যায়। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত।’
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, কয়েক দিন আগে শংকর পাটারি গ্রাম্য চিকিৎসক সন্তোষ বিশ্বাসের পুকুরপাড়ের আমগাছ থেকে আম পাড়েন। এ নিয়ে সন্তোষ বিশ্বাস তাঁকে চড়–থাপ্পড় মারেন। এতে তিনি ক্ষুব্ধ হন এবং তাঁকে গলা কেটে হত্যার চেষ্টা করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন।