রোগীর চাপে হিমশিম খুলনার ৪ করোনা হাসপাতাল

খুলনার শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতাল।প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে খুলনার চারটি করোনা হাসপাতালের চিকিৎসক ও নার্সদের। বর্তমানে ধারণক্ষমতার অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন হাসপাতালগুলোয়। একটি বেসরকারি ও চারটি করোনা হাসপাতালে রোগী ভর্তি আছেন ৩০১ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোয় মারা গেছেন ১৫ জন। এর মধ্যে ১৪ জন করোনা রোগী ও একজনের করোনার উপসর্গ ছিল।

শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় অবস্থিত ১৩০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ৬ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে ২ জনের। আর বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ৬ জন। এ ছাড়া শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে গতকাল শনিবার থেকে রোগী ভর্তি শুরু হয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে কোনো রোগীর মৃত্যু হয়নি।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের মুখপাত্র চিকিৎসক সুহাস রঞ্জন হালদার বলেন, আজ রোববার সকাল পর্যন্ত সেখানে রোগী ভর্তি আছেন ১৯৭ জন। এর মধ্যে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১০২ এবং করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪১। এ ছাড়া ওই হাসপাতালের এইচডিইউ ইউনিটে ২০ জন ও আইসিইউতে ২০ রোগী ভর্তি আছেন। হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ১৪ ও ইয়োলো জোনে ২৪ রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন।

এদিকে ২৫০ শয্যাবিশিষ্ট খুলনা সদর (জেনারেল) হাসপাতালে বর্তমানে করোনায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন ৬৫ জন। ওই হাসপাতালের মুখপাত্র চিকিৎসক কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় ওই হাসপাতালে ১৫ জন নতুন করোনা রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ জন।

খুলনার শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র চিকিৎসক প্রকাশ চন্দ্র বলেন, গত ২৪ ঘণ্টায় সেখানে ২৪ জন করোনা রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে আইসিইউতে আছেন সাতজন।

এ ছাড়া বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী মিজানুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছয়জনের মৃত্যু হয়েছে। ১২০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ১১৫ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে আইসিইউতে ৮ জন এবং এইচডিইউতে ১০ জন চিকিৎসাধীন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ২৩ জন ভর্তি হয়েছেন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

খুলনা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৪৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৫০ জনের শরীরে করোনা রোগের সংক্রমণ ধরা পড়েছে। সংক্রমণহার ৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় খুলনার বিভিন্ন হাসপাতালে যে ১৫ জন মারা গেছেন তাঁদের মধ্যে ১১ জন খুলনা জেলার।