রোজিনা ইসলামকে হেনস্তায় জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে হেনস্তা ও নির্যাতনকারীদের বিচারের আওতায় আনতে হবে। বাতিল করতে হবে মুক্ত সাংবাদিকতায় বাধা যত ‘কালো’ আইন। প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর।
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদরের ইছাখালীতে রাঙ্গুনিয়া প্রেসক্লাবের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে উপজেলায় কর্মরত সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী, স্বেচ্ছাসেবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি আকাশ আহমেদ। ভোরের কাগজ–এর প্রতিনিধি মোহাম্মদ ইলিয়াছের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম, সহসভাপতি পান্থনিবাস বড়ুয়া, সমকাল প্রতিনিধি মাসুদ নাসির, পাক্ষিক রূপালী রাঙ্গুনিয়া সম্পাদক এনায়েতুর রহিম, দেশ রূপান্তর প্রতিনিধি এম এ কোরেশী, প্রথম আলোর প্রতিনিধি আব্বাস হোসাইন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জগলুল হুদা, মানবকণ্ঠ প্রতিনিধি আরিফুল হাসনাত, আমাদের নতুন সময়–এর প্রতিনিধি আশিক এলাহী, শিক্ষক আবু সায়েম, রুবায়েত রাশেদ, মো. আইয়ুব, মানবাধিকার নেতা নুরুল ইসলাম, দ্বীপায়ন সুশীল, রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের অ্যাডমিন হাবীবুর রহমান, শহীদুল ইসলাম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘দুর্নীতিকে আড়াল করতে একজন কলমসৈনিককে নির্যাতন ও হেনস্তা করা দেশের মানুষ মেনে নেয়নি। পুরো দেশ আজ ক্ষুব্ধ। আমরা আশা করি রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার করে নজির সৃষ্টি করবে সরকার।’
সুবর্ণচর, নোয়াখালী
নোয়াখালীর সুবর্ণচরে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকেরা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ভোরের কাগজের প্রতিনিধি লিটন চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ও দিনকাল প্রতিনিধি আবুল বাসার, সময়ের কণ্ঠস্বর পত্রিকার প্রতিবেদক মো. ইমাম উদ্দিন, ৭১ টেলিভিশনের প্রতিনিধি মুজাহিদুল ইসলাম, সাংবাদিক আবদুল বারী, ছানাউল্যাহ, কামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার নিন্দা জানিয়ে ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
টেকনাফ, কক্সবাজার
কক্সবাজারের টেকনাফে সাংবাদিক ইউনিটির উদ্যোগে সমাবেশ ও মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের টেকনাফ বাসস্টেশন এলাকায় সাংবাদিক ইউনিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ কাশেমের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম টেকনাফ উপজেলা শাখা, টেকনাফ পৌর প্রেসক্লাব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ সময় উপস্থিত ছিলেন রেন্ট–এ–কার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক, সাংবাদিক ইউনিটির উপদেষ্টা মমতাজুল ইসলাম, স্কুলশিক্ষক বাবুল ইসলাম, নুর হাকিম প্রমুখ।
সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল হোসাইন বলেন, প্রশাসন দুর্নীতিতে নিমজ্জিত। এ জন্য ভয়ের সংস্কৃতি গড়ে তোলা হয়েছে। আগে সাংবাদিক নির্যাতনের অনেক ঘটনা ঘটলেও কোনো বিচার হয়নি। রোজিনা ইসলামের জামিন ও মামলা প্রত্যাহার না হলে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।