রোজিনা ইসলামের হেনস্তাকারীদের বিচার দাবিতে মির্জাপুরে মানববন্ধন
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তাকারীদের শাস্তি ও তাঁর বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। মির্জাপুর প্রেসক্লাবের আয়োজনে গতকাল বুধবার বিকেলে এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দুর্নীতিগ্রস্ত আমলাদের দ্বারা রোজিনা ইসলাম নির্যাতিত ও হেনস্তা হয়েছেন। তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার পর তাঁর রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে, যা অত্যন্ত পরিতাপের বিষয়। সাংবাদিক রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে ওই সব দুর্নীতিগ্রস্ত আমলাদের বিচার করতে হবে।
প্রেসক্লাব ভবনের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে মির্জাপুর উপজেলা সাংবাদিক সংস্থা, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, প্রথম আলো বন্ধুসভা ও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা একাত্মতা ঘোষণা করেন।
মানববন্ধন চলাকালে সভায় অন্যদের মধ্যে মির্জাপুর কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি নিরঞ্জন পাল, সাবেক সভাপতি শামসুল ইসলাম ও প্রেসক্লাবের সদস্য শিলা আক্তার প্রমুখ বক্তৃতা করেন।
এ সময় অন্যদের মধ্যে উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খান, ক্রীড়া সম্পাদক সেলিম আল মামুন, সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।