রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেপ্তার: এপিবিএন
কক্সবাজারের টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে মোহাম্মদ রুবেল (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামের বাসিন্দা। তাঁকে পুলিশের কাছে সোপর্দের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এপিবিএনের দাবি, গ্রেপ্তার মোহাম্মদ রুবেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর কাছ থেকে দেশি তৈরি একটি অস্ত্র (এলজি), একটি গুলি ও একটি রামদা উদ্ধার করা হয়েছে। তিনি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক কারবার, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের এপিবিএন পুলিশ ক্যাম্প এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসী রুবেলকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে তাঁকে টেকনাফ থানা–পুলিশে সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল আলিম বলেন, আজ রোববার দুপুরের দিকে গ্রেপ্তার যুবককে কক্সবাজার বিজ্ঞ হাকিম আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।