রোহিঙ্গা ক্যাম্প থেকে আগ্নেয়াস্ত্রসহ ইয়াবা উদ্ধার, একজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফের আলীখালি-২৫ নম্বর ক্যাম্প থেকে দুটি দেশি আগ্নেয়াস্ত্র ও দুই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। আটক করা হয়েছে একজনকে।

আটক ব্যক্তির নাম জয়নাল হোসেন (২১)। তিনি উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার বাসিন্দা। আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার হ্নীলার আলীখালী-২৫ নম্বর ক্যাম্পের ডি-৩ ব্লক এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

১৬ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন সূত্রে জানা গেছে, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আলীখালী এপিবিএন ক্যাম্পের একদল সদস্য ডি-৩ ব্লকে অভিযান চালিয়ে জয়নাল হোসেনকে আটক করেন। এ সময় তাঁর হেফাজতে থাকা একনলা বন্দুক ও ১ হাজার ২০০ ইয়াবা জব্দ করা হয়।

জয়নালকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এপিবিএন সদস্যরা পরে মাহমুদ নুর নামের অপর এক ব্যক্তির ঘরে অভিযান চালিয়ে আরও একটি দেশে তৈরি এলজি ও ৮০০ ইয়াবা উদ্ধার করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানা-পুলিশে সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান এপিবিএন সদস্যরা।