রোহিঙ্গা ক্যাম্প থেকে দেড় লাখের বেশি ইয়াবা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ এই রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এপিবিএন
ছবি: প্রথম আলো

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এপিবিএনের দাবি, জব্দ করা ইয়াবার মূল্য প্রায় পাঁচ কোটি সাত লাখ টাকা।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন বলেন, গ্রেপ্তার রোহিঙ্গা তরুণের নাম মোহাম্মদ সাদেক (২৫)। তিনি উখিয়ার বালুখালী ১০ নম্বর ক্যাম্পের জি-১৬ ব্লকের বাসিন্দা। মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান এনে ক্যাম্পে মজুত করা হয়েছে এমন খবর পেয়ে গতকাল বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ওই বসতঘরে অভিযান চালায় এপিবিএন। এরপর ইয়াবা উদ্ধার করে সাদেককে গ্রেপ্তার করা হয়।

কামরান হোসেন বলেন, ইয়াবার চালানসহ গ্রেপ্তার ব্যক্তিকে উখিয়া থানায় সোপর্দ করে মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার তরুণকে আজ বৃহস্পতিবার দুপুরের পর কক্সবাজার আদালতে পাঠানো হবে।