রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে মোবারজান (৩৪) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহত গৃহবধূর স্বামী মো. জাফরকে আটক করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আজ বুধবার প্রথম আলোকে তথ্যটি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে মো. জাফর তাঁর স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেছেন। মঙ্গলবার গভীর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-সি/৬ এ হত্যাকাণ্ড ঘটেছে।

এ বিষয়ে ১৬ পিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ধারালো দা দিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে গলা কেটে পালিয়ে যান স্বামী মোহাম্মদ জাফর। আজ বুধবার দুপুরের দিকে নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে নিহত গৃহবধূর স্বামী মোহাম্মদ জাফরকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই গৃহবধূর স্বামীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।