রোহিঙ্গা ক্যাম্পে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুই ভায়রার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা শরনার্থীশিবির
ফাইল ছবি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে বজ্রপাতে দুজন রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের স্ত্রী, শ্বশুরসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিরা ক্যাম্পের হাসপাতালে চিকিৎসাধীন।

গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার দুপুরে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক নাঈমুল হক।

মারা যাওয়া রোহিঙ্গা দুই ভায়রা হলেন উখিয়ার বালুখালী ৮ নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াসের ছেলে মোহাম্মদ হারেস (২৫) ও কুতুপালং ২ নম্বর ক্যাম্পের (ওয়েস্ট) ডি-৪ ব্লকের মোহাম্মদ সালামের ছেলে নাজমুল হাসান (২৩)। এ ঘটনায় আহত তিনজন হলেন তাঁদের শ্বশুর মোহাম্মদ সালাম (৪৮) এবং তাঁর দুই মেয়ে জানুকা খাতুন (২০) ও জেসমিন আক্তার (১৮)।

গতকাল সন্ধ্যার দিকে জানুকা খাতুনের স্বামী মোহাম্মদ হারেস ও জেসমিন আক্তারের স্বামী নাজমুল হাসান শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা বসে আড্ডা দেওয়ার সময় বৃষ্টি শুরু হয়।

উখিয়ার কুতুপালং ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১০৪ এইচ ব্লকের রোহিঙ্গা দলনেতা (মাঝি) জাফর আলম প্রথম আলোকে বলেন, কয়েক বছর আগে হারেস ও জানুকার বিয়ে হয়েছে। তাঁদের সংসারে দুই মেয়ে রয়েছে। অন্যদিকে ছয় মাস আগে নাজমুল ও জেসমিনের বিয়ে হয়। গতকাল সন্ধ্যার দিকে জানুকা খাতুনের স্বামী মোহাম্মদ হারেস ও জেসমিন আক্তারের স্বামী নাজমুল হাসান শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা বসে আড্ডা দেওয়ার সময় বৃষ্টি শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে দুই ভায়রা গুরুতর আহত হন। তাঁদের শ্বশুর মোহাম্মদ সালাম ও তাঁর দুই মেয়েও মারাত্মক আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পাঁচজনকে উদ্ধার করে বালুখালী ৮ নম্বর ক্যাম্পের (ওয়েস্ট) এমএসএস হাসপাতালে নিয়ে গেলে হারেস ও নাজমুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় বাকি তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোহিঙ্গা দলনেতা (মাঝি) জাফর আলম আরও বলেন, স্থানীয় পুলিশ এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সহকারী ক্যাম্প ইনচার্জকে (সিআইসি) অবহিত করে নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।