রোহিঙ্গাদের ফেরত নেওয়ার আশ্বাস তদন্ত কমিশনের
রাখাইন রাজ্য থেকে নির্যাতনের শিকার হয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন মিয়ানমার থেকে আসা তদন্ত কমিশনের সদস্যরা। এ কমিশন আজ সোমবার কক্সবাজারের টেকনাফের লেদা ও উখিয়ার বালুখালী অনিবন্ধিত শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার সময় এ আশ্বাস দেন।
আজ কমিশনের সেক্রেটারি জ্য মিন্ট পের নেতৃত্বে ১১ সদস্যের মিয়ানমার প্রতিনিধিদলটি কক্সবাজার থেকে সড়কপথে প্রায় ৮০ কিলোমিটার দূরে টেকনাফের লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। এই শিবিরে অবস্থান করছে প্রায় ৮০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে অন্তত ৪০ হাজার সদ্য পালিয়ে আসা।
বেলা দেড়টার দিকে কমিশনের সদস্যরা লেদা অনিবন্ধিত রোহিঙ্গা শিবিরে পৌঁছালে সেখানকার আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সদস্যরা তাঁদের স্বাগত জানান। এরপর রোহিঙ্গা শিবির ঘুরে এসে স্থানীয় আইওএম কার্যালয়ে বসে নির্যাতনের শিকার ১০ রোহিঙ্গা নারী-পুরুষের সঙ্গে কথা বলেন কমিশনের সদস্যরা।
রোহিঙ্গারা মিয়ানমারের রাখাইন রাজ্যের সেনাবাহিনীর বর্বরতা, হত্যা, ধর্ষণের বর্ণনা দিতে থাকলে বিরক্ত হয়ে কমিশনের একজন সদস্য বলেন, ‘রাখাইন রাজ্যে কী হয়েছে তা আমরাও জানি। ঘটনা বাড়িয়ে বলা ঠিক হচ্ছে না।’
কমিশনের সেক্রেটারি জ্য মিন্ট পে উপস্থিত রোহিঙ্গাদের উদ্দেশে বলেন, তোমরা জন্মভূমি ছেড়ে কেন এখানে (বাংলাদেশ) এসেছ?
জবাবে রাখাইন রাজ্যে খেয়ারিপ্রাং গ্রাম থেকে তিন মাস আগে পালিয়ে আসা রোহিঙ্গা আছিয়া খাতুন বলেন, ‘সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গাদের গুলি করে এবং জবাই করে হত্যা ও গুম করেছে। ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দিয়েছে। মেয়েদের ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তাই প্রাণে বাঁচতে দেশ ছেড়ে নৌকায় বাংলাদেশে পালিয়ে এসেছি।’
আরেক রোহিঙ্গা নারী বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাঁর বাড়িতে ঢুকে তাঁর স্বামী নুরুল আলমকে ধরে নিয়ে গেছে; এখন পর্যন্ত খবর নেই। তাঁর গ্রামের শত শত পুরুষকে ধরে নিয়ে গুম করেছে সেনারা।
রোহিঙ্গা নেতা আবদুল মতলব বলেন, নাগরিকত্ব এবং শান্তিতে বসবাসের নিশ্চয়তা পেলে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যাবে।
রোহিঙ্গাদের উদ্দেশে জ্য মিন্ট পে বলেন, ‘রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়টি দীর্ঘদিনের সমস্যা। এ সমস্যার সমাধান হলে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত নেওয়া হবে।’ তিনি বলেন, ‘আমরা এখানে খুশি করতে আসিনি। তোমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে কি না, তা জানতে এসেছি। তোমরা কোন অবস্থায় অথবা পরিস্থিতিতে আছ দেখতে এসেছি। আমরাও চাই রোহিঙ্গা সমস্যার সমাধান হোক। রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকার আন্তরিক আছে।’
তদন্ত কমিশনের অন্য সদস্যরা হলেন অ্যং তুন থেট, থুন মিনথ, নায়েট সোয়ে, থেথ জিন, কায়েন নেগাই, নায়ান থুন, অ্যং মিনথ, মংছিং থোয়াই, শাদুল্লাহ শাহ ও মায়েন্ট হ্লাইন। সঙ্গে উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মারমা, টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপস) মো. শফিউল আজম।
এর আগে তদন্ত কমিশনের সদস্যরা উখিয়ার বালুখালী অনিবন্ধিত রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন। সেখানে অবস্থান করছেন রাখাইন রাজ্য থেকে সম্প্রতি পালিয়ে আসা আরও পাঁচ হাজার রোহিঙ্গা। বিকেল চারটার দিকে কমিশনের সদস্যরা কক্সবাজার ফিরে আসেন।