রোহিঙ্গাদের রেশনের ১০০ বস্তা চালসহ যুবক গ্রেপ্তার

আটক
প্রতীকী ছবি

রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা রেশনের ১০০ বস্তা চালসহ মোহাম্মদ রাসেল (২৭) নামে এক যুবককে আটক করেছে কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং লাম্বাশিয়া বাজারের চৌরাস্তার মোড় এলাকা থেকে চালসহ তাঁকে আটক করা হয়। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটক মোহাম্মদ রাসেল বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের নুর আহম্মদের ছেলে।

কক্সবাজার-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও (পুলিশ সুপার) নাঈমুল হক বলেন, রোহিঙ্গাদের জন্য বরাদ্দ করা রেশনের চাল দীর্ঘদিন ধরে একটি চক্র কম দামে কিনে বাইরে বেশি দামে বিক্রি করে আসছিল। ক্যাম্পে দায়িত্বরত পুলিশের চোখ ফাঁকি দিয়ে ট্রাকভর্তি করে চালগুলো ক্যাম্পের বাইরে নেওয়ার সময় ১০০ বস্তা চালসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।