রোহিঙ্গাবোঝাই ১৯ নৌকা ফেরত পাঠাল বিজিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাফ নদী পেরিয়ে কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করা রোহিঙ্গাবোঝাই ১৯টি নৌকাকে আবার মিয়ানমারে ফেরত যেতে বাধ্য করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত নয়টা থেকে গতকাল শনিবার সকাল সাড়ে সাতটার মধ্যে ওই নৌকাগুলো অনুপ্রবেশের চেষ্টা করে। এসব নৌকায় প্রায় ২০০ রোহিঙ্গা ছিল। যাদের বেশির ভাগই নারী ও শিশু।
টেকনাফ ২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী প্রথম আলোকে বলেন, নাফ নদী পেরিয়ে টেকনাফের ঝিমংখালী, হ্নীলা ও টেকনাফ পৌরসভার তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ১৯টি নৌকায় করে প্রায় ২০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল খুব কম। বিজিবির সদস্যদের বাধার কারণে নৌকাগুলো ভিড়তে পারেনি। রোহিঙ্গাবোঝাই নৌকাগুলো মিয়ানমারে ফিরত যেতে বাধ্য করা হয়।
মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, হঠাৎ করে গত কয়েক দিনে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা বেড়েছে। তবে সীমান্তে বিজিবি সতর্ক রয়েছে। টহলও জোরদার করা হয়েছে।
মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনীর অভিযানের কারণে কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চলছে।