রৌমারী সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে রাশেদুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে বলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ও স্থানীয় সূত্রে জানা গেছে।
রাশেদুল ছাটকড়াইবাড়ী গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান।
বিজিবি ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ছাটকড়াইবাড়ী এলাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৬-এর কাছে এ ঘটনা ঘটে। রাশেদুলসহ কয়েকজন বাংলাদেশি গরু পাচারের উদ্দেশ্যে শুক্রবার গভীর রাতে সীমান্তের কাঁটাতারের কাছে যায়। এ সময় ভারতীয় ৬ গুটালু ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। অন্যরা পালিয়ে গেলেও ধরা পড়েন রাশেদুল।
এ প্রসঙ্গে জামালপুর ৩৫ বিজিবির দাঁতভাঙ্গা ক্যাম্পের নায়েব সুবেদার মিজানুর রহমান আজ শনিবার দুপুরে প্রথম আলোকে বলেন, রাশেদুলের পরিবারের কাছে তাঁর আটকের খবর পেয়েছেন। এ বিষয়ে তাঁরা বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। এখনো তারা সারা দেয়নি।