রৌমারী সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রাম জেলার মানচিত্র

কুড়িগ্রাম রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে আশরাফুল ইসলাম (৩২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. এহসানুল হক এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার সকালে সাড়ে ছয়টার দিকে রৌমারী চর গয়টাপাড়া গ্রামসংলগ্ন ১০৫৩ সীমান্ত পিলারের কাছে বাংলাদেশের ভেতর থেকে ওই ভারতীয়কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক আশরাফুল ভারতের আসাম রাজ্যের মানকারচরেরহাট শিঙ্গিমারী থানার সুখচর উজানবজরা গ্রামের আবুল হোসেনের ছেলে। তাঁকে রৌমারী থানায় সোপর্দ করেছে বিজিবি।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, ওই ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। পরে তাঁর বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিজিবি বাদী হয়ে রৌমারী থানায় মামলা করবে। আগামীকাল তাঁকে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হবে।