রৌমারীতে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীতে বাংলাদেশ–ভারত সীমান্ত
প্রথম আলো

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা সীমান্তে বিএসএফের গুলিতে সহিবুর রহমান (৪০) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খেতার চর গ্রামের সীমান্ত এলাকায় তিনি গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় নিহত ব্যক্তির মা ছকিরন বেওয়া বিএসএফের বিরুদ্ধে গুলি করে হত্যার অভিযোগ এনে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন।

স্থানীয় সূত্র জানায়, নিহত সহিবুর দাঁতভাঙা ইউনিয়নের আমবাড়ী গ্রামের ইরাজ উদ্দিনের ছেলে। তিনি কাউনিয়র চরে শ্বশুর বশির উদ্দিনের বাড়িতে বসবাস করেন। স্ত্রী লিপি বেগমসহ তাঁর সংসারে দুই ছেলে, এক মেয়ে রয়েছে।

সহিবুরের মা ছকিরন বেওয়া প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে কৃষিশ্রমিক। ভোররাতে জিঞ্জিরাম নদে কয়েকজন মিলে মাছ ধরতে যান, নদীটি সীমান্ত লাগোয়া। বিএসএফ অন্যায়ভাবে বাংলাদেশের অভ্যন্তরে গুলি করে তাঁকে হত্যা করে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।

শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার খেতার চর গ্রামের সীমান্ত এলাকায় সহিবুর গুলিবিদ্ধ হন।

তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান বলেন, সহিবুর রহমান মধ্যরাতে ১০৫৪ নম্বর আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছ দিয়ে সঙ্গীদের সঙ্গে গরু পারাপার করছিলেন। এ সময় ভারতীয় দ্বীপচর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাঁদের ওপর গুলি চালান। এ সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান সহিবুর। পরে পুলিশ তাঁর লাশ সুরতহাল শেষে দুপুরে রৌমারী থানায় নিয়ে যায়।

কুড়িগ্রাম-৩৫ জামালপুর বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসীর মামুনের সঙ্গে মুঠোফোনে জানতে চাইলে তিনি মিটিংয়ে ব্যস্ত আছেন জানিয়ে অফিস স্টাফ হাবিলদার মুকিতের সঙ্গে কথা বলতে বলেন। হাবিলদার মুকিত স্থানীয় সূত্রের বরাতে বলেন, বিএসএফের গুলিতে সহিবুর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি রৌমারী থানা-পুলিশকে জানানো হয়েছে।

বিএসএফের গুলিতে নিহত সহিবুর রহমানের লাশ ঘিরে স্বজনদের আহাজারি। শনিবার কুড়িগ্রামের রৌমারীতে
প্রথম আলো

রৌমারীর দাঁতভাঙা বিওপির কমান্ডার জয়েন উদ্দিন বলেন, রাত দুইটার দিকে ওই সীমান্তে গোলাগুলির শব্দ শুনে একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু সে সময় বিএসএফ বা হতাহতের কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে স্থানীয় লোকজন জানান, সীমান্ত থেকে ৫০-৬০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে লাশ পড়ে আছে।

রৌমারী থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ারুল কবির বলেন, বিজিবির কাছে খবর পেয়ে গতকাল সকাল নয়টায় দাঁতভাঙা ইউনিয়নের খেতার চর থেকে সহিবুর রহমানের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সীমান্ত থেকে ৫০-৬০ গজ দূরে জিঞ্জিরাম নদে লাশটি পড়ে ছিল। পরে স্বজনেরা লাশ বাড়িতে নিয়ে যান। লাশের বুকের বাঁ পাশে গুলিবিদ্ধের চিহ্ন রয়েছে। লাশের সুরতহালের পর দুপুর ১২টায় রৌমারী থানায় আনা হয়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোন্তাছির বিল্লাহ বলেন, তাঁরা ধারণা করছেন, বিএসএফের গুলিতে সহিবুর রহমান নিহত হয়েছেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।