রৌমারীর চরাঞ্চলে বেড়েছে পেঁয়াজের আবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের রৌমারীর চরাঞ্চলে পেঁয়াজের ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। ফুলুয়ার চরে সম্প্রতি
প্রথম আলো

কুড়িগ্রামের রৌমারী উপজেলার চরাঞ্চলে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পেঁয়াজের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা কৃষকদের। তবে চরাঞ্চলের বেলে মাটি‍তে আবাদ করতে হলে প্রচুর সেচ দিতে হয়। এলাকায় কিছুটা শ্রমিকসংকট আছে। ফলে এ দুই খাতে কিছুটা বাড়তি খরচ হচ্ছে।

রৌমারী উপজেলা কৃষি অধিদপ্তর জানায়, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। গত বছর ১৬৩ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছিল। এবার চাষ হয়েছে ২৫৪ হেক্টরের বেশি জমিতে। এর মধ্যে চারা পেঁয়াজ ৯০ হেক্টর, কমবো পেঁয়াজ ১২ হেক্টর ও বীজ ছড়িয়ে ১৫২ হেক্টর জমিতে পেঁয়াজের চাষ করা হয়েছে। এ ছাড়া কিছু বেলে ও দো-আঁশ মাটিতে রোপণ করা হয়েছে মুড়িকাটা পেঁয়াজ। জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত পেঁয়াজের চারা লাগানো হয়। এপ্রিলের শুরু থেকে এ ফসল ঘরে তোলা যাবে।

গত শনি ও রোববার চরাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বালুচরে সবুজের সমারোহ। কৃষকেরা জমিতে পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাঁরা জানান, কয়েক বছর আগেও এসব জমিতে আবাদ হতো না। শুধু বালু আর বালু ছিল। দুই-তিন বছর ধরে তাঁরা এখানে আবাদ শুরু করেন। তবে বাতাসে সঙ্গে প্রচুর ধুলা ওড়ায় পেঁয়াজের জমি পরিচর্যা করতে সমস্যা হচ্ছে। এ আবহাওয়ায় শ্রমিকেরা খেতে কাজ করতে চান না। ফলে দেখা দিয়েছে শ্রমিকসংকট। এতে অতিরিক্ত মজুরি দিয়ে শ্রমিক সংগ্রহ করে পেঁয়াজখেতে নিড়ানি দিতে হচ্ছে। এ ছাড়া বালু জমিতে প্রচুর সেচ দিতে হয়। পানি দিলেই বালু চুষে নেয়। তেলের দাম বেড়ে যাওয়ায় সেচ দিতে প্রচুর খরচ হচ্ছে।

কৃষকেরা আরও বলেন, রৌমারী উপজেলায় বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর, কুটিরচর, পালেরচর, চরবন্দবেড় বাইসপাড়া; রৌমারী ইউনিয়নের চরইছাকুড়ি, কান্দাপাড়া; যাদুরচর ইউনিয়নের চরপাখিউড়া; চরশৌলমারী ইউনিয়নের খেদাইমারী, চরঘুঘুমারী, পাখিউড়া ও দাঁতভাঙ্গা ইউনিয়নের চরইটালুকান্দা, কাজাইকাটা, চরগয়টাপাড়া এলাকায় কমবেশি পেঁয়াজের চাষ করা হয়েছে।

পেঁয়াজচাষি আবু ছাঈদ খান বলেন, প্রতিদিন পেঁয়াজের জমিতে নিড়ানি ও সেচ দেওয়ার কাজ করা হচ্ছে। একটি জমিতে কমপক্ষে তিন থেকে চারবার সেচ দিতে হয়। নিড়ানি দিতে হয় দুবার। এতে শ্রমিকপ্রতি মজুরি দিতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা। এক সপ্তাহের মধ্যেই সেচ ও নিড়ানির কাজ সম্পন্ন করা হবে। তবে সেচসহায়তা পাওয়া গেলে পেঁয়াজ চাষ আরও বাড়বে।

ছালাম শেখ বলেন, এ বছর তিনি ১১ বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। প্রতি বিঘায় খরচ হয়েছে ২০ হাজার টাকা। আশা করেন, বিঘাপ্রতি ৬০ থেকে ৮০ মণ পেঁয়াজ পাবেন। মণপ্রতি পেঁয়াজ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি করতে পারবেন বলে আশা তাঁর।

উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে রৌমারী উপজেলার চরাঞ্চলে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পেঁয়াজের চাষ হয়েছে। রৌমারী যেহেতু পুরোটাই চরাঞ্চল, সে কারণে কৃষকদের পেঁয়াজ চাষে প্রশিক্ষণসহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয়েছে।