র‍্যাব, সিআইডি নয়, পিবিআইতে থাকছে বাবুলের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবুল আক্তার
ফাইল ছবি

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যা মামলা র‍্যাব কিংবা পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের জন্য করা আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। বাবুলের আইনজীবী গত বছরের ১৪ নভেম্বর এই আবেদন করেন। আজ বুধবার অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবদুল হালিম শুনানি শেষে এই আদেশ দেন।  

২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। এ ঘটনায় তাঁর স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই গত বছরের ১২ মে এ মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। ওই দিন মাহমুদার বাবা মোশাররফ হোসেন বাদী হয়ে বাবুলসহ আটজনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন। বাবুলের করা মামলায় পিবিআই চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী।

আদালত নারাজি আবেদন গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের জন্য নির্দেশ দেন। বাবুলের শ্বশুর ও বাবুলের করা দুই মামলার তদন্তের ভার এখন পিবিআইর কাছে। দুটি মামলা তদন্ত করছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মোহাম্মদ ওমর ফারুক।

বাবুলের আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত আবেদনটি নামঞ্জুর করেছেন। বাবুলের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। শ্বশুরের মামলায় আসামি হয়ে ফেনী কারাগারে আছেন বাবুল।