চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে এম এ মান্নান উড়ালসড়কের র্যাম্পের পিলারে ‘ফাটল’ পায়নি সিটি করপোরেশন গঠিত নিরপেক্ষ তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক আবদুর রহমান ভুঁইয়া। তবে বিস্তারিত বলতে রাজি হননি তিনি। সিটি করপোরেশনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিটি করপোরেশনকে এ ব্যাপারে প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত কমিটি গত মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করে। যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে জানানো হবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। যে অংশে ফোম বেরিয়ে গেছে, সেটি যথাযথভাবে পরিষ্কার করতে হবে। উড়ালসড়কের র্যাম্পে হালকা যান চলাচলের সুযোগ রাখতে হবে এবং সেটি নিশ্চিত করা জরুরি। এ ছাড়া উড়ালসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ তদারকি করতে হবে।
গত ২৫ অক্টোবর রাতে নগরীর বহদ্দারহাট মোড়ে এম এ মান্নান উড়ালসড়কের র্যাম্পের পিলারে ‘ফাটল’ দেখা দেওয়ার খবর ছড়িয়ে পড়ে। রাতেই পুলিশ ওই র্যাম্পে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।