মামলার সাক্ষীরা বলেছেন, কুমিল্লার লাকসাম বিএনপির দুই নেতা—সাবেক সাংসদ সাইফুল ইসলাম (হিরু) ও হুমায়ুন কবির পারভেজকে অপহরণ করেছে র্যাব। কিন্তু লাকসাম পুলিশ আদালতে প্রতিবেদন দিয়ে বলেছে, এ ঘটনায় র্যাব জড়িত নয়। ‘হয়তোবা’ দুষ্কৃতকারীরা এঁদের অপহরণ করেছে।
নিখোঁজ দুই নেতার পরিবার পুলিশের এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। তারা অভিযোগ করে, র্যা বের সদস্যরাই সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির পারভেজকে ধরে নিয়ে গেছেন। ঘটনার দুজন প্রত্যক্ষদর্শীও রয়েছেন। কিন্তু পুলিশ শুরু থেকেই এ বিষয়ে নিষ্ক্রিয়। র্যা বের যেসব সদস্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আদালতে দেওয়া হয়েছে, তাঁদের জিজ্ঞাসাবাদ না করেই আদালতে প্রতিবেদন দিয়েছে পুলিশ।
আদালতে খোঁজখবর করে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা ও লাকসাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু বককার খান গত ৯ সেপ্টেম্বর আদালতে ওই প্রতিবেদন জমা দেন। কিন্তু বিষয়টি পুলিশ গোপন রাখে। নিখোঁজ দুই নেতার পরিবারকেও কিছু জানায়নি। গত বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ পায়।
‘নিখোঁজ’ পারভেজের ভাই গোলাম ফারুক প্রথম আলোকে বলেন, ‘আমরা এ তদন্ত প্রতিবেদন মানি না। এর সঙ্গে সাক্ষীদের বক্তব্যের মিল নেই। আমরা আদালতে এ প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেব।’ তিনি বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর র্যা বের যেসব সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের এ ঘটনায় জিজ্ঞেস করা যেত। পুলিশ তদন্তের ক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
আর সাইফুল ইসলামের স্ত্রী ফরিদা ইসলাম বলেন, ‘এটা পুলিশের মনগড়া প্রতিবেদন। এটা আমরা মানি না।’
দুই পরিবারের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মো. আবু বককার খান প্রথম আলোকে বলেন, ‘দুই পাতার প্রতিবেদন আদালতে জমা দিয়েছি। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন। এ নিয়ে এখন আর কথা বলতে চাই না। এটা নিয়ে বিপদে আছি।’
নিখোঁজ দুই নেতার পরিবারের অভিযোগ ও মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর রাতে বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে লাকসাম উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজ ও পৌর বিএনপির তৎকালীন সহসাংগঠনিক সম্পাদক (বর্তমানে আওয়ামী লীগের নেতা) জসিম উদ্দিন একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আসছিলেন। পথে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার হরিশ্চর সড়কে র্যাব-১১-এর একদল সদস্য অ্যাম্বুলেন্সটি থামিয়ে এই তিনজনকে তুলে নিয়ে যান। পরে র্যাব সদস্যরা জসিম উদ্দিনকে অপর ১০ ব্যক্তির সঙ্গে লাকসাম থানায় হস্তান্তর করে। ওই ১০ জনকে ওই রাতেই র্যাব লাকসামে সাইফুল ইসলামের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে আটক করেছিল।
সাইফুল ইসলাম ও পারভেজকে আটকের কথা র্যাব আর স্বীকার করেনি। পরে জসিম উদ্দিন ও অ্যাম্বুলেন্সের চালক মো. সাদেক—দুজনই পুলিশ ও সাংবাদিকদের বলেছেন যে র্যাবই ওই দুজনকে ধরে নিয়ে গেছে।
এ ঘটনায় দুই নেতার পরিবারের সদস্যরা লাকসাম থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পরে ১ ডিসেম্বর হুমায়ুন কবির পারভেজের ভাই গোলাম ফারুক লাকসাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর দুই নেতার কোনো খোঁজ বের করতে পারেনি পুলিশ।
চলতি বছরের ২৭ এপ্রিলে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদসহ অন্য কর্মকর্তারা জড়িত থাকার কথা প্রকাশ পাওয়ার পর ১৮ মে লাকসামের দুই নেতার অপহরণের ঘটনায় কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাবরিনা নার্গিসের আদালতে মামলা করেন হুমায়ুন কবির পারভেজের বাবা মো. রংগু মিয়া। তাতে তারেক সাঈদসহ র্যাব-১১-এর কুমিল্লার তৎকালীন কোম্পানি কমান্ডার মেজর সাহেদ রাজী, ডিএডি শাহজাহান আলী, এসআই কাজী সুলতান আহমেদ ও অসিত কুমার রায়কে আসামি করা হয়। আদালত এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য লাকসাম থানার পুলিশকে নির্দেশ দেন। এরই মধ্যে মামলার বাদী রংগু মিয়া গত ৩১ আগস্ট মারা যান। ৯ সেপ্টেম্বর আদালতে পুলিশ তদন্ত প্রতিবেদন জমা দেন।
প্রতিবেদনে বলা হয়, ‘ঘটনার তারিখ রাত নয়টা ১৫ মিনিটে রাজনৈতিক দলীয় লোকজন রাস্তার ওপর দাঁড়িয়ে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ তারিখে ১৮-দলীয় জোট তথা জামায়াত-শিবিরের দেশব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে হয়তোবা দুষ্কৃতকারী লোকজন কর্তৃক ভিকটিমদ্বয় অপহৃত হতে পারেন বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে। র্যাব কর্তৃক ভিকটিমদ্বয়কে অপহরণ করা হয়েছে মর্মে মামলার সাক্ষীরা বক্তব্য প্রদান করলেও প্রাপ্ত তথ্যপ্রমাণে তার সত্যতা পাওয়া যায়নি।’ প্রতিবেদনে বলা হয়, দুজনের সন্ধানের জন্য ব্যাপক তদন্তের প্রয়োজন আছে।
মামলার বাদীপক্ষের আইনজীবী মুহাম্মদ বদিউল আলম জানান, মূল হোতাদের বাদ দিয়ে পুলিশ তদন্ত প্রতিবেদন দিয়েছে। এর বিরুদ্ধে ১৫ অক্টোবর আদালতে নারাজি আবেদন দেওয়া হবে।