র্যাবের বক্তব্যকে গুরুত্ব দিয়ে তদন্তে নামছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যাকাণ্ড নিয়ে র্যা ব যে বক্তব্য দিয়েছে, তা সামনে রেখেই তদন্ত করবে পুলিশ। রাজশাহী মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন গতকাল নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন। 
এদিকে র্যা ব-৫-এর সদস্যরা অধ্যাপক শফিউলকে হত্যার সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছেন।
শিক্ষক শফিউল হত্যাকাণ্ডের পরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মাহাবুবুর রহমানকে ঢাকায় বদলি করা হয়। নতুন কমিশনার মোহাম্মদ শামসুদ্দিন ২০ নভেম্বর যোগ দেন। গতকাল দুপুরে মহানগর পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে তাঁর পরিচিতি সভার আয়োজন করা হয়। এ সময় মহানগর পুলিশের পরিদর্শক থেকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষক শফিউল হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, গত সোমবার যে অগ্রগতির কথা বলা হয়েছে, সেটাই সর্বশেষ অগ্রগতি।
গত সোমবার র্যা বের হাতে আটক যুবদলের নেতাসহ ছয় আসামি ঢাকায় সংবাদ সম্মেলনে হত্যাকাণ্ডের ব্যাপারে নিজেদের জড়িয়ে বক্তব্য দেন। ওই দিন রাতেই তাঁদের রাজশাহীতে পাঠানো হয়। গত মঙ্গলবার তাঁদের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য আদালতে নেওয়া হলে কেউ বক্তব্য দিতে রাজি হননি। এরপর আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুরু থেকেই পুলিশ ওই ঘটনার সঙ্গে জামায়াতের কর্মী বা কোনো জঙ্গি সংগঠনের সদস্যরা জড়িত বলে বক্তব্য দিয়ে আসছে। সেই সঙ্গে শিক্ষকের পেশাগত ও ব্যক্তিগত জীবনের ঘটনাকেও মাথায় রেখে তদন্ত করছে বলে জানিয়েছিল।
এখন পুলিশের তদন্ত কোনো নির্দিষ্ট অবস্থানে দাঁড়িয়েছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ‘আপনারা টিভিতে দেখেছেন না! র্যা ব উপস্থাপন করেছে। টিভিতে প্রচার করেছে। এটা ধরেই তারা এগোচ্ছে। তবে অন্য অ্যাঙ্গেল দুটিও তারা ফেলে দিচ্ছে না।’ পুলিশ কমিশনার বলেন, ‘শিক্ষকের ব্যক্তিগত জীবনকেই তাঁরা গুরুত্ব দিচ্ছেন।’
অতিরিক্ত পুলিশ কমিশনার তমিজ উদ্দিন বলেন, ‘আসামিরা আদালতে বলুক বা না বলুক, আমরা আমাদের তথ্য পেয়ে গেছি। এখন এগুলো যাচাই-বাছাই করা হবে। এ জন্য রিমান্ডে অথবা জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হবে।’
পুলিশ জানায়, পুলিশের হাতে আটক আসামি জিন্নাহ, সাগর ও আরিফের রিমান্ড শুনানি আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত মঙ্গলবার তৃতীয় দফায় তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয়েছিল। শুনানি না হওয়ায় সেদিন তাঁদের কারাগারে পাঠানো হয়।
এদিকে শিক্ষক শফিউলের বাসা থেকে উদ্ধার করা সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী ও তাঁর বন্ধুকে গতকাল ছেড়ে দেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (পূর্ব) এস এম নাহিদুল ইসলাম বলেন, তাঁরা আগে থেকেই নিশ্চিত হয়েছিলেন, মেয়েটির কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়নি। তার পরও অধিকতর নিশ্চিত হতে তাঁদের হেফাজতে রাখা হয়েছিল।
অটোরিকশা উদ্ধারের দাবি: র্যা ব-৫ গতকাল দুপুরে রাজশাহীতে এক সংবাদ সম্মেলনে দাবি করেছে, গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে নগরের রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তারা একটি অটোরিকশা উদ্ধার করেছে।
রাজশাহী র্যা বের উপ-অধিনায়ক মেজর শফিকুল ইসলাম বলেন, এই ব্যাটারিচালিত অটোরিকশাটির মালিক র্যা বের হাতে গ্রেপ্তার টোকাই বাবু। হত্যাকাণ্ডের আগে এ অটোরিকশায় করে অন্য আসামি সবুজ অস্ত্র নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। হত্যাকাণ্ডের সময় অটোরিকশা ঘটনাস্থলের আশপাশে রাখা হয়। হত্যার পর খুনিদের কয়েকজন অস্ত্র নিয়ে অটোরিকশাটিতে করে পালিয়ে যায়।