র্যাব-পুলিশের দুই তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক শফিউল হত্যা
অধ্যাপক শফিউল হত্যা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শফিউল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে র্যা ব ও পুলিশ। ছয়জনকে গ্রেপ্তারের পর গতকাল রোববার র্যা ব দাবি করেছে, বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক নারীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। মূল পরিকল্পনাকারীও ধরা পড়েছে।
অন্যদিকে একই দিন রাজশাহীতে আরও ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ দাবি করেছে, আনসার আল ইসলাম বাংলাদেশ-২ নামের একটি জঙ্গিগোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। পুলিশের দাবি, দুই জঙ্গিকেও তারা গ্রেপ্তারও করেছে।
এ হত্যাকাণ্ডের ব্যাপারে র্যা ব-পুলিশের পরস্পরবিরোধী তথ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া ১২ জন ছাড়া সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গতকাল বিকেলে উত্তরায় র্যা ব সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে র্যা বের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, গত শনিবার রাতে ও গতকাল সকালে রাজশাহী ও গাজীপুরে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার হয়েছে। এঁরা হলেন আবদুস সামাদ ওরফে পিন্টু (৩৪), আরিফুল ইসলাম ওরফে মানিক (৩৩), সবুজ শেখ (১৮), সিরাজুল ইসলাম ওরফে কালু (২২), আল মামুন (৩১) ও ইব্রাহিম খলিল ওরফে টোকাই বাবু (২১)। সামাদ ছাত্রদলের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবং আরিফুল রাজশাহীর কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক বলে র্যা ব জানায়। সবার বাসা রাজশাহীর মতিহার ও বোয়ালিয়া থানা এলাকায়।
র্যা বের এ কর্মকর্তার দাবি, এ ঘটনার মূল পরিকল্পনাকারী আবদুস সামাদ। রাজনীতির পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় ঠিকাদারি করেন। র্যা ব-৫-এর একটি দল শনিবার রাতে রাজশাহীর মতিহার থানার বিনোদপুর এলাকার দাশমারির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাজশাহী থেকে আরিফুল, সবুজ ও সিরাজুলকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গাজীপুরের টঙ্গী স্টেশন রোড থেকে আল মামুন ও ইব্রাহিম গ্রেপ্তার হন।
মুফতি মাহমুদ বলেন, সামাদের স্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের সেকশন কর্মকর্তা। কিছুদিন আগে অধ্যাপক শফিউল সামাদের স্ত্রীর সঙ্গে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন। এ নিয়ে অধ্যাপকের সঙ্গে সামাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে সামাদ তাঁকে শায়েস্তা করার পরিকল্পনা করেন। জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে তিনি বিষয়টি জানান। এরপর ঘটনা জানতে আনোয়ার ওই শিক্ষক শফিউলের কাছে গেলে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
র্যা ব কর্মকর্তা বলেন, আরিফুল তাঁদের দলে আরও সাতজনকে নেন। ১৫ নভেম্বর দুপুরের দিকে তাঁদের কয়েকজন রাজশাহীর চৌদ্দপায়া এলাকায় শফিউলের বাসার আশপাশে অবস্থান নেন। মোটরসাইকেলে শফিউল বাসায় ফেরার পথে চৌদ্দপায়া এলাকায় তাঁর গতিরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়।
মুফতি মাহমুদ জানান, ছয়জনকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, এ ঘটনায় মোট ১১ জন জড়িত। গ্রেপ্তার হওয়া ছয়জন ও যুবদল নেতা আনোয়ার ছাড়াও আরিফ, জিন্নাহ, সাগর ও জামাই বাবু নামের আরও চারজন জড়িত। আনোয়ার ও জামাই বাবু পলাতক। আর আরিফ, জিন্নাহ ও সাগর ইতিমধ্যেই রাজশাহী পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
জামায়াত বা জঙ্গি এবং বাসা থেকে উদ্ধার হওয়া ছাত্রীর সংশ্লিষ্টতার কোনো তথ্য পেয়েছেন কি না, জানতে চাইলে মুফতি মাহমুদ বলেন, ‘এখন পর্যন্ত আমরা এ ধরনের কোনো তথ্য পাইনি।’
ব্রিফিংয়ের পর আরিফুল সাংবাদিকদের জানান, তিনি রাজনীতির পাশাপাশি রাজশাহীর কাটাখালী এলাকায় ভাইয়ের একটি দোকানে বসেন। গ্রেপ্তার হওয়া মামুন তাঁর চাচাতো ভাই। মামুন কিছুই করেন না। গ্রেপ্তার হওয়া সিরাজুল মুদি দোকানদার। ইব্রাহিম ব্যাটারিচালিত গাড়িচালক। আরিফ টাইলস ব্যবসায়ী, সাগর ব্যাটারিচালিত গাড়ি চালান ও জামাই বাবু মাছের ব্যবসা করেন। জিন্নাহ কিছু করেন না। তাঁরা সবাই একে অপরের পরিচিত।
আরিফুল দাবি করেন, তাঁরা শিক্ষককে ভয় দেখাতে চেয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী, সামাদ শিক্ষক শফিউলকে অনুসরণ করেন। শফিউল বাসার কাছে পৌঁছামাত্র সামাদ ইশারা ও শিস দেন। এরপর সবুজ, সাগর, আরিফ, বাবু ও জিন্নাহ তাঁর গতিরোধ করেন। সবুজ চাপাতি দিয়ে মাথায় আঘাত করেন। আরিফুল বলেন, কথা ছিল শরীরের নিচে ছুরিকাঘাত করে ভয় দেখানোর। কিন্তু সবুজ মাথায় আঘাত করায় তিনি পড়ে যান।
ছয়জনকে গ্রেপ্তারের খবর পেয়ে র্যা ব সদর দপ্তরে যান শফিউলের ছেলে সৌমিন শাহরিদ। জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সামান্য অসৌজন্যমূলক আচরণকে কেন্দ্র করে এ ধরনের পাশবিক হত্যাকাণ্ডের ঘটনা কীভাবে ঘটতে পারে বুঝতে পারছি না।’
পুলিশ যা বলছে: রাজশাহী মহানগর পুলিশের দাবি, আনসার আল ইসলাম বাংলাদেশ-২ এর দুই সদস্য ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি তৈরির কর্মকার এবং কর্মকারের তিন শ্রমিককে গতকাল বগুড়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এই দুই সদস্য হচ্ছেন শরীফুল ইসলাম (২৫) ও রায়হানুল হক স্বাধীন (১৫)। ঘটনার পর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শফিউল ইসলাম হত্যার দায় স্বীকার করে বক্তব্য দেন। এর আগে হত্যাকাণ্ডের স্থল থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়। এই চাপাতির গায়ে কর্মকারের নাম ‘সাধন’ লেখা ছিল। গতকাল বগুড়া থেকে এই সাধন কর্মকার ও তাঁর তিন শ্রমিককে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, র্যা বের হাতে আটক কাটাখালী পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম মানিক একজন শীর্ষ সন্ত্রাসী। তাঁর নামে এ পর্যন্ত ১৭টি মামলার খোঁজ পাওয়া গেছে। ওসি বলেন, মানিক হরতালের সময় নগরের শ্যামপুরে ধানের ট্রাকে আগুন লাগানো, মোটরসাইকেল ছিনতাই, একজনকে কুপিয়ে জখম করাসহ মারামারির অনেকগুলো মামলার আসামি। ২০১১ সাল থেকে এ পর্যন্ত তাঁর নয়টি মামলা পাওয়া গেছে। ১৭টির মধ্যে বাকি মামলাগুলো ২০১১ সালের আগের। নয়টি মামলায় জামিনে আছেন।
বগুড়া প্রতিনিধি জানান, আটক শরিফুল ইসলাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর উপজেলার ঘাঘুরদুয়ার বেসরকারি ক্যাডেট মাদ্রাসার শিক্ষক। রাহেনুল ইসলাম স্বাধীন বগুড়া সদরের গোকুল তসলিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। এ ছাড়া বগুড়া শহরের ৩ নম্বর রেলগেটের দা-বঁটি দোকানি ও কাহালু উপজেলার প্রতাপপুরের বাসিন্দা অমল চন্দ্র বর্মণ, বগুড়া সদরের আশোকোলা গ্রামের কর্মকার দুই সহোদর সাধন চন্দ্র কর্মকার ও ভজন চন্দ্র কর্মকার এবং সাধন চন্দ্রের ছেলে সুদর্শন কর্মকারকে আটক করেছে রাজশাহী পুলিশ।
এদিকে হত্যাকাণ্ডের পর অধ্যাপক শফিউলের বাসা থেকে উদ্ধার করা বিভাগের এক ছাত্রীর বন্ধুকেও গত বুধবার দুপুরে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জাহাঙ্গীর হোসেন নামের ওই যুবক সিরাজগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। আটক ছাত্রী পুলিশ হেফাজতে ভিকটিম সাপোর্ট সেন্টারে আছেন।
গত ১৫ নভেম্বর দুপুরে নগরের চৌদ্দপাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।