লকডাউন অমান্য, রাজশাহী থেকে ৪৬ জনকে চাঁপাইনবাবগঞ্জে ফেরত
চাঁপাইনবাবগঞ্জে ১০ দিন ধরে বিশেষ লকডাউন চলছে। রাজশাহীতে আজ বৃহস্পতিবার থেকে বিশেষ বিধিনিষেধ দেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন উপায়ে মানুষ ঢাকা যাচ্ছেন। গতকাল বুধবার রাত ১২টার দিকে এমন ৪৬ জনকে পুলিশ চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছে। তাঁরা রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে বের হয়েছিলেন।
লকডাউন অমান্য করে ৪৬ জন ব্যক্তির মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে ১২ জন, দুটি অটোরিকশায় ১৪ জন ও চারটি সিএনজিচালিত অটোরিকশায় ২০ জন রাজশাহী নগরের দিকে ঢুকে পড়েন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, তারা নগরের কাশিয়াডাঙ্গা থানার স্থানীয়দের এ বিষয়ে সচেতন করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে জরুরি প্রয়োজন ছাড়া কোনো মানুষ যেন না আসতে পারেন। রাত ১২টার দিকে হাডুপুর শহররক্ষা বাঁধের ওপর দিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে বিভিন্ন যানবাহনে লোকজন রাজশাহী ঢুকছিলেন। এ সময় সন্দেহ হলে একটি মাইক্রোবাসসহ সাতটি যানবাহন থামান স্থানীয় লোকজন। এসব পরিবহনে চাঁপাইনবাবগঞ্জের ৪৬ জন ছিলেন। তাঁরা নিজেদের চাঁপাইনবাবগঞ্জের বলেও পরিচয় দেন। পরে স্থানীয় লোকজন কাশিয়াডাঙ্গা থানার পুলিশকে জানান।
পুলিশ এই ৪৬ জনের সঙ্গে কথা বলে জানতে পেরেছে, তাঁরা কেউ হেঁটে, কেউ অটোরিকশায় করে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত পার হয়ে রাজশাহীতে ঢুকেছেন। তাঁরা কেউ ঢাকায় কাজ করেন, আবার কেউ কাজের খোঁজে ঢাকায় যাচ্ছিলেন।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, হেঁটে, অটোরিকশায় ও মাইক্রোবাস ভাড়া করে রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে পকেট রাস্তা ধরে তাঁরা রাজশাহীতে আসেন। এ সময় হাডুপুর ও কাঁঠালবাড়িয়া এলাকার যুবকেরা আটকে দিয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাঁদের গাড়িসহ চাঁপাইনবাবগঞ্জ ফেরত পাঠায়। তিনি দাবি করেন, এক সপ্তাহ ধরে চাঁপাইনবাবগঞ্জের মানুষ নানা উপায়ে রাজশাহী হয়ে ঢাকায় যাচ্ছিলেন। কৌশল হিসেবে তাঁরা রাতে গ্রামের পকেট রাস্তাগুলো বেছে নিয়েছিলেন। এ রকম অসংখ্য মানুষকে তাঁরা চাঁপাইনবাবগঞ্জে ফেরত পাঠিয়েছেন। তবে গত কয়েক দিনে গতকাল রাতেই একসঙ্গে এতজনকে ফেরত পাঠানো হয়েছে।