লকডাউন কার্যকরে উদ্যোগী প্রশাসন, উদাসীন লোকজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জের গান্দিয়াসুর বাজারে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন
ছবি: নুতন শেখ

লকডাউন ঘোষণা করা গোপালগঞ্জ সদর উপজেলার গ্রামটিতে লোকজনের চলাচল সীমিত আছে। তবে যে তিন বাজার লকডাউনের আওতায় আছে, সেখানে বিধিনিষেধ পালনের ব্যাপারে ঢিলেঢালা মনোভাব দেখা গেছে।

আজ রোববার সরেজমিনে দেখা যায়, বৌলতলী ইউনিয়নের গান্দিয়াসুর বাজারে সব ধরনের দোকান বন্ধ। দুই–একটি ব্যাটারিচালিত ভ্যান বাসস্ট্যান্ডে এসেছে, নেই তেমন লোকজন। চারদিকে নীরবতা। সেখানে দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গান্দিয়াসুর বাসস্ট্যান্ড থেকে পাশের নদী পার হলেই তেলিভিটা গ্রাম। এই গ্রাম লকডাউনের আওতায়। ফলে এখানকার লোকজন যাতে অন্যত্র যাতায়াত করতে না পারেন এবং অন্য এলাকা থেকে লোকজন যাতে আসতে না পারেন; সে জন্য গান্ধিয়াশুর-তেলিভিটা ঘাটের খেয়া চলাচল বন্ধ রাখা হয়েছে।

সাতপাড়, বৌলতলী ও পাটকেলবাড়ী বাজারে লকডাউন ঘোষণা করা হলেও তা যথাযথভাবে পালন করছেন না ওই সব এলাকার লোকজন। সাতপাড় বাজারে খোলা রয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। জানতে চাইলে সাতপাড় বাজারের কাঠ ব্যবসায়ী আবদুর রাজ্জাক বলেন, ‘আমাদের এখানে কেউ করোনায় সংক্রমিত হয়নি। বৌলতলী ইউনিয়নের তেলিভিটা গ্রামে দুটি বাড়ির অনেক লোক আক্রান্ত হয়েছেন, সেখান থেকে এই বাজারে কোনো লোক যাতে না আসতে পারেন; সে ব্যবস্থা করলে আর ছড়াতে পারবে না। এমনিতেই এক বছরের বেশি সময় কোনো আয় নেই, এখন আবার দোকান বন্ধ রাখা সম্ভব নয়।’

বৌলতলী বাজারের সুকেশ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘এসব এলাকা থেকে প্রতিনিয়ত ভারতে লোক যাওয়া–আসা করতেন। একটি গ্রামের ৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সবাই আতঙ্কে আছি। আমাদের কাছে তেলিভিটা গ্রাম এখন আতঙ্কের নাম।’

বৌলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, ‘তেলিভিটা গ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। আমরা ওই গ্রামের মানুষকে ঘর থেকে বের হতে নিষেধ করেছি। তাঁরা প্রশাসনের নির্দেশ পালন করে ঘরে আছেন। তাঁদের খাদ্য ও অন্যান্য জিনিস প্রয়োজন হলে আমরা পৌঁছে দেব।’ এলাকায় ঘুরে ঘুরে লোকজনের নমুনা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

গোপালগঞ্জের সিভিল সার্জন সাকিবুর রহমান বলেন, তেলিভিটা গ্রামের মোটর গ্যারেজ ব্যবসায়ী জ্বর, কাশি, সর্দিসহ করোনাভাইরাসে সংক্রমণের লক্ষণ নিয়ে ২৩ মে রোববার মারা যান। এরই সূত্র ধরে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তাঁরা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি জানান। পরে ওই গ্রামের ৯১ জনের নমুনা সংগ্রহ করে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ এসেছে। পরে তাঁদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়। গত বুধবার সকাল থেকে তেলিভিটা গ্রামসহ আশপাশের জনবহুল এলাকা বিশেষ লকডাউনের আওতায় আনা হয়।

সিভিল সার্জন বলেন, এ পর্যন্ত ওই এলাকার ২৩৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ২০৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৬ জনের দেহে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে করোনার ভারতীয় ধরন আছে কি না, জানতে জিনোম সিকোয়েন্সের জন্য ১১টি নমুনা ঢাকার রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইসিডিআর) পাঠানো হয়েছে। একটি মেডিকেল টিম ওই গ্রামে সার্বক্ষণিক কাজ করছে। তারা আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা মানুষকে খুঁজে বের করে নমুনা সংগ্রহ করছে এবং করণীয় সম্পর্কে পরামর্শ দিচ্ছে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুর রহমান বলেন, সাতপাড়, বৌলতলী ও সাহাপুর ইউপির চেয়ারম্যান ও স্থানীয় বাজার কমিটির নেতাদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকে ওই এলাকার চারটি সাপ্তাহিক হাট, বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠান এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তেলিভিটা গ্রামের মানুষ যাতে অন্যত্র চলাচল করতে না পারে, সে জন্য খেয়া বন্ধ রাখা হয়েছে। লকডাউনে থাকা তেলিভিটা গ্রামের ৭০টি পরিবারকে সরকারিভাবে খাদ্যসহায়তা দেওয়া গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে।