লকডাউনে নদে বালু তোলার মচ্ছব

বালুবাহী তিনটি নৌযান ও সাতটি বালুর ব্যবসাপ্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অর্থদণ্ড হয়েছে।

ধলাই নদ থেকে অবৈধভাবে বালু তোলা ঠেকাতে টাস্কফোর্সের অভিযান। গতকাল দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জের ঢালারপার এলাকায়।ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লকডাউনে রাস্তাঘাট, হাটবাজার প্রায় ফাঁকা, কিন্তু নদজুড়ে যেন রাজ্যের ব্যস্ততা। শত শত বালুবাহী নৌযানে করে চলছিল বালু উত্তোলন। নদের বুকে এ তৎপরতায় আশপাশ এলাকায়ও বালু পরিবহনে শ্রমজীবী মানুষের ভিড়। বিষয়টি পর্যবেক্ষণ করতে গিয়ে উপজেলা প্রশাসনের নজরে আসে অবৈধভাবে বালু উত্তোলনের পন্থা। লকডাউনের সুযোগে নদের ইজারাবিহীন অংশ থেকে বালু তোলা হচ্ছিল।

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদের চিত্র ছিল এটি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একটানা তিন ঘণ্টা টাস্কফোর্সের অভিযানে বালুবাহী তিনটি নৌযান ও সাতটি বালু ব্যবসাপ্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকার অর্থদণ্ড করা হয়। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, টাস্কফোর্সের এই অভিযানের পরই থেমেছে নদজুড়ে বালু তোলার মচ্ছব।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, ধলাই নদের তিনটি অংশ পৃথক তিনটি বালুমহাল। এ বছর একটি ইজারা দেওয়া হয়েছে। বাকি দুটি ইজারাবহির্ভূত। ইজারাধীন বালুমহাল থেকে বালু উত্তোলনের কথা বলে সংঘবদ্ধ বালু ব্যবসায়ীদের একটি দল ইজারাবিহীন বালুমহাল থেকে বালু তুলছিল। এ খবর পেয়ে শনিবার সকাল ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন আচার্যের নেতৃত্বে টাস্কফোর্সের একটি দল ঘটনাস্থলে যায়। পরে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুলের নেতৃত্বে পুলিশের একটি দলও অংশ নেয় অভিযানে।

বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত টানা তিন ঘণ্টার অভিযানে তিনটি বালুবাহী নৌযানসহ ১১টি প্রতিষ্ঠানকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড করা হয়। কোম্পানীগঞ্জের ইউএনও এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডপ্রাপ্ত তিনটি নৌযান ও সাতটি বালু ব্যবসাপ্রতিষ্ঠান হচ্ছে কোম্পানীগঞ্জের চাতলপারের গোলাপী পরিবহন (মালিক, সৈয়দ মিয়া), রিপন পরিবহন (মো. দেলোয়ার মাহমুদ রিপন), রাধানগরের নূপুর খান পরিবহন (মালিক শফিক মিয়া), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফুলবাড়ির রিয়াদ এন্টারপ্রাইজ, কিশোরগঞ্জের বাজিতপুরের আরাফাত এন্টারপ্রাইজ, কোম্পানীগঞ্জের রামাইলের তেলিখাল এন্টারপ্রাইজ, সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুরের আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ, ছাতক উপজেলার গণেশপুরের মাসুদ রানা এন্টারপ্রাইজ, বিশ্বম্ভরপুরের কাটাখালীর রানী-১ এন্টারপ্রাইজ, বিশ্বম্ভরপুরের দোলারচরের মহিনুর এন্টারপ্রাইজ, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুরের দাদা-নাতি এন্টারপ্রাইজ।

করোনা পরিস্থিতিতে ১ জুলাই কঠোর লকডাউনের সুযোগে এই তৎপরতা চলছিল বলে জানিয়েছেন ধলাই নদের ঢালারপাড় আশপাশের এলাকার কয়েক বাসিন্দা। তাঁরা বলেছেন, একশ্রেণির বালুর কারবারিরা কর্মহীন শ্রমজীবী লোকজনকে নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িত। যত্রতত্র খোঁড়াখুঁড়ি করে যন্ত্র দিয়ে বালু তোলায় ধলাই নদের তীরবর্তী বসতি এলাকায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। টাস্কফোর্সের অভিযানের পরই থেমেছে এই তৎপরতা। অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের মূলোৎপাটনে উপজেলা প্রশাসনকে টাস্কফোর্সের ধারাবাহিক অভিযানের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

অবৈধ এই তৎপরতা চললেই টাস্কফোর্সের অভিযান চলানো হবে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জের ইউএনও সুমন আচার্য।