‘লকডাউনে যত কষ্ট আমাগো মতো গরিব মাইনষের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ ও রাজধানীগামী যাত্রীরা। এ সময় যাত্রীদের কেউ কেউ রিকশাভ্যানে করে গন্তব্যে রওনা হন। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায়।
ছবি: আবদুল মোমিন

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটা। ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ডে ছয় মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন মা রোমেজা খাতুন। তাঁর পাশে ব্যাগ ও মালামাল নিয়ে দাঁড়িয়ে স্বামী করম আলী। ঢাকার আশুলিয়ার নবীনগর যাওয়ার উদ্দেশে দীর্ঘ সময় দাঁড়িয়ে সেখানে যানবাহনের অপেক্ষায়। তবে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েন এই দম্পতি।

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরমাস্তুল গ্রামের করম আলী আশুলিয়ার কাঠগড়া এলাকার একটি পোশাককারখানার শ্রমিক। স্ত্রী-সন্তান নিয়ে থাকেন কাঠগড়াতেই। দুই দিনের ছুটি নিয়ে গত শনিবার রাতে স্ত্রী-সন্তানকে নিয়ে গ্রামের বাড়ি গিয়েছিলেন। বাস চলাচল বন্ধ থাকায় আজ ভোরে বাড়তি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশায় দৌলতপুর থেকে বরঙ্গাইল বাসস্ট্যান্ডে আসেন তাঁরা। সেখানে কথা হলে করম আলী বলেন, ‘ছুটি শেষে আজ কারখানায় যামু। কিন্তু কাল (সোমবার) রাইতে শুনলাম লকডাউন। কারখানায় না গেলে চাকরি থাকব না। বাস বন্ধ, ছোট কোনো যানবাহনের অপেক্ষা আছি।’

লকডাউনের প্রথম দিন আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোয় অফিসগামী মানুষকে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে। লকডাউনে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় তাঁর মতো কর্মস্থলগামী পোশাকশ্রমিক ও চাকরিজীবী যাত্রীরা বিপাকে পড়েন। এসব যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে পথ ভেঙে ভেঙে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, রিকশা-ভ্যানে করে গন্তব্যে রওনা হন।
মহাসড়কের শিবালয় উপজেলার উথলী বাসস্ট্যান্ডে সকাল আটটার দিকে দাঁড়িয়ে থাকতে দেখা যায় স্থানীয় নয়াবাড়ি গ্রামের আরিফুল ইসলামকে। তিনি মানিকগঞ্জ শহরে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন, লকডাউনে বাস চলাচল বন্ধ থাকায় কর্মস্থলে যেতে অটোরিকশার জন্য অপেক্ষা করছেন।

আজ সকাল থেকে দুপুর পর্যন্ত দেখা গেছে, রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিতে পণ্যবাহী গাড়ির সঙ্গে যাত্রীরা নদী পার হয়ে পাটুরিয়ায় আসেন। ঘাটে এসে ঢাকাগামী এসব যাত্রী চরম বিপাকে পড়েন। বাস চলাচল বন্ধ থাকায় তাঁদের দীর্ঘ সময় ঘাট এলাকায় অপেক্ষায় থাকতে হয়। পরে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক ও রিকশা–ভ্যানে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন তাঁরা। তবে ভাড়া গুনতে হচ্ছে অনেক বেশি।

রাজবাড়ী সদর উপজেলার বরশিপাড়া গ্রামের মানিক মোল্লা (৩২) সাভারে ইজিবাইক চালান। স্ত্রী ও শিশুসন্তানকে নিয়ে আজ কর্মস্থলে ফিরছিলেন তিনি। বেলা ১১টার দিকে পাটুরিয়া জিরো পয়েন্ট এলাকায় অটোরিকশাচালকের সঙ্গে ভাড়া নিয়ে দর-কষাকষি করতে দেখা যায়। এ সময় কথা হলে তিনি বলেন, ‘হঠাৎ করে লকডাউন দিল, দুই-তিন দিন আগে দিলে আমরা এই ভোগান্তিতে পড়তাম না। লকডাউনে যত কষ্ট আমাগো মতো গরিব মাইনষের।’

পরে ২০০ টাকা করে ৪০০ টাকা ভাড়ায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত যেতে অটোরিকশাচালক সম্মত হলে আরও দুই যাত্রীর সঙ্গে অটোরিকশায় উঠে পড়েন। তাঁদের মতো রাজধানীগামী অনেক যাত্রী বিপাকে পড়েন।

এদিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় লকডাউন বাস্তবায়নে ট্রাফিক পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। তাঁরা যাত্রীবাহী ছোট যানবাহনগুলোকে চলাচল বন্ধে ব্যবস্থা নিচ্ছেন।

এ ব্যাপারে জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজী প্রথম আলোকে বলেন, লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের কেউ কেউ বিভিন্ন ছোট যানে করে যাতায়াতের চেষ্টা করছেন। তবে এসব যান চলাচল বন্ধে মহাসড়কের বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কাজ করছে। ইতিমধ্যে কয়েকটি অটোরিকশা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এসব গাড়ির বিরুদ্ধে মামলাও করা হয়েছে। তিনি আরও বলেন, শুধু পণ্যবাহী গাড়ি এবং লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হচ্ছে।