‘লকডাউনে সব বন্ধ, চালু খালি গরিবের পেট’
কঠোর লকডাউনে বগুড়া শহর ফাঁকা। চলাচলে বিধিনিষেধের কারণে নেই মানুষের আনাগোনা। সাতমাথা এলাকায় নির্জন রাস্তার ধারে ফুটপাতে বাহারি মাস্কের পসরা সাজিয়ে বসেছে ১৫ বছরের কিশোর মনসুর। এসব মাস্কের দাম ৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।
চলমান লকডাউনে দুদিন ঘর থেকেই বের হয়নি মনসুর। কিন্তু বাড়িতে অসুস্থ বাবা, সংসারে মা, ছোট দুই ভাই–বোন আছে। তার উপার্জনে সংসার চলে। তাই আর ঘরে থাকতে পারেনি কিশোর মনসুর।
আজ রোববার সকাল নয়টার দিকে ফুটপাতে পসরা সাজিয়ে বসা মনসুরের সঙ্গে কথা হয়। সে জানায়, দোকানের মালিক জিহাদ হোসেন নামের এক ব্যক্তি। বিক্রয়কর্মী হিসেবে সে কাজ করে। লকডাউনের আগে সারা দিন ফুটপাতে দেড় থেকে দুই হাজার টাকা বিক্রি হতো। দিন শেষে মহাজনকে হিসাব বুঝিয়ে দেওয়ার পর সে পেত ২০০ টাকা। সেই টাকা দিয়েই কোনোমতে সংসার চলত।
মনসুরের বাড়ি সিরাজগঞ্জ সদরের রাজীবপুর গ্রামে। তার বাবা আবদুস সামাদ প্রায় ১২ বছরে ধরে অসুস্থ। মা মমতা বেগম। সামিয়া ও অলিউল্লাহ নামের ছোট দুই ভাই–বোন আছে তার। সামিয়া বাড়ির পাশে বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ে। বসতবাড়ি ছাড়া তাদের তেমন কোনো সহায়-সম্পত্তি নেই। সংসারে অভাবের কারণে পড়াশোনাও হয়নি। মনসুরকে ধরতে হয়েছে পরিবারের হাল।
লকডাউনে সব বন্ধ। চালু আছে খালি গরিবের পেট। পেটের জন্যিই সকালে ঘর থ্যাকে বের হয়্যা দোকান খুলচি। শহর ফাঁকা। মানুষই নাই, এক টেকাও বেচাবিক্রি হয় নাই। বেচাবিক্রি না হলে কপালে মজুরি জুটপে না।
অসুস্থ বাবা হাঁটা-চলা ও কোনো কাজ করতে পারেন না বলে জানায় মনসুর। সংসারে বড় ছেলে সে। তাই সংসার চালানোর দায়িত্বও তার কাঁধে। সে জানায়, বাবার ওষুধ কিনতে প্রতি মাসে বেশ টাকা খরচ হয়। সংসার খরচ ছাড়াও আছে ছোট বোনের পড়াশোনা। বাধ্য হয়ে কয়েক বছর আগে জীবিকার খোঁজে বাড়ি ছেড়ে বগুড়া শহরে আসে। অচেনা শহরে প্রথমে এসে নানা চড়াই–উতরাই পাড়ি দিতে হয় তাকে। পেটের খাবার জুটাতে নানা কাজ করে। এরপর ফুটপাতে দোকানদারির কাজ নেয়। প্রথমে দিন শেষে ৩০-৫০ টাকা মজুরি মিলত। তা দিয়ে শহরে থাকা-খাওয়ার ঠিকমতো খরচই জুটত না। দিনে দিনে মজুরি বাড়ে।
বগুড়া শহরের চকফরিদ এলাকায় কয়েকজনের সঙ্গে মেসে থাকে কিশোর মনসুর। মাসে থাকা-খাওয়ার খরচ হাজার দেড়েক টাকা। সেখান থেকে বগুড়া শহরে যাতায়াত খরচ হয় ২০০ টাকা। লকডাউনের আগের দিন সর্বশেষ ২০০ টাকা মজুরি পেয়েছিল সে। শুক্রবার দোকান বন্ধ। মাসে গড়ে পাঁচ হাজার টাকা মিলত। খরচ বাদে মাস শেষে পরিবারের জন্য হাজার তিনেক টাকা পাঠানো সম্ভব হতো।
এভাবে লকলাউন চলতে থাকলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে বলে জানায় মনসুর। সে বলে, ‘লকডাউনে সব বন্ধ। চালু আছে খালি গরিবের পেট। পেটের জন্যিই সকালে ঘর থ্যাকে বের হয়্যা দোকান খুলচি। শহর ফাঁকা। মানুষই নাই, এক টেকাও বেচাবিক্রি হয় নাই। বেচাবিক্রি না হলে কপালে মজুরি জুটপে না।’