লকডাউনেও নানা প্রয়োজনে ছুটছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই যাত্রীরা ভাড়ার মোটরসাইকেলে করে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বৃষ্টি শুরু হলে এক চালার নিচে আশ্রয় নেন। শনিবার সকালে ঢাকা–আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের ঘিওরের বানিয়াজুরী এলাকায়
প্রথম আলো

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে ঢাকা থেকে ফরিদপুরের মধুখালী গ্রামে ফিরছিলেন বৃদ্ধ রুস্তম আলী (৬০)। প্রচণ্ড বৃষ্টি শুরু হলে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকায় পরিত্যক্ত একটি ইটভাটার ঘরে আশ্রয় নেন। আজ শনিবার বেলা ১১টার দিকে সেখানে কথা হলো তাঁর সঙ্গে।

রুস্তম আলী বলেন, লকডাউনের আগে গত সোমবার ঢাকায় ছেলের বাসায় গিয়েছিলেন। লকডাউনে বাস বন্ধ থাকায় সাভারের আমিনবাজার থেকে এক হাজার টাকা ভাড়া দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছেন। তিনি বলেন, ‘মহাসড়কে যেখানে পুলিশ, সেখানে পাশ কাটিয়ে গ্রামের রাস্তা হয়ে আবার মহাসড়কে উঠে এই পর্যন্ত এসেছি। যত দুর্যোগ আমাগো মতো গরিব মানুষের। কষ্ট হলেও বাড়ি যেতে তো হবে।’

রুস্তম আলীর মতো আরও কয়েকজন মোটরসাইকেলের যাত্রী বৃষ্টি থেকে রক্ষা পেতে সেখানে নেমেছেন। তাঁরা সবাই রাজধানী ঢাকা থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রামের বাড়িতে যাচ্ছেন।

আজ শনিবার সকালে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জে প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে পাটুরিয়া ও ঢাকায় চলাচল করছেন যাত্রীরা। মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী ও বরঙ্গাইল এলাকায় তল্লাশিচৌকিতে পুলিশ সদস্যরা এসব যানবাহন চলাচল করতে নিষেধ করছেন। এরপরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিকল্প পথে যাত্রীরা চলাচল করছেন।

প্রাইভেট কার, অটোরিকশা, রিকশা ও ভ্যানে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।

শুধু রাজধানী ঢাকা থেকে ছেড়ে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীই নন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা রাজধানীগামী যাত্রীদের মহাসড়কে চলাচল করতে দেখা গেছে।

সরেজমিনে আরও দেখে গেছে, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দৌলতদিয়া ও পাটুরিয়াপাড়ের যাত্রীদের আনাগোনা কিছুটা বেড়েছে। দৌলতদিয়া প্রান্ত থেকে ফেরিতে নদী পার হয়ে যাত্রীরা পাটুরিয়া ঘাট এলাকায় নামছেন। এরপর প্রাইভেট কার, অটোরিকশা, রিকশা ও ভ্যানে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে ঢাকার দিকে যাচ্ছেন।

গণপরিবহন বন্ধ, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে করে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। শনিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়
প্রথম আলো

দুপুর ১২টার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায় দেখা যায়, ‘ঢাকা’ নামের একটি ফেরিতে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও পণ্যবাহী ট্রাক লোড করার সময় রাজবাড়ীর দৌলতদিয়াগামী শতাধিক যাত্রী হুড়োহুড়ি করে ফেরিতে উঠে পড়েন। পরে তাঁদের সবাইকে নিয়ে ফেরিটি ঘাট ছেড়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে দৌলতদিয়া প্রান্ত থেকে খান জাহান আলী নামের একটি ফেরিতে কয়েকটি পণ্যবাহী গাড়ি পাটুরিয়ার ৩ নম্বর ঘাটে আসে। এ সময় ফেরিটিতে রাজধানীগামী শতাধিক যাত্রীও আসেন। এসব যাত্রীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলার প্রবণতা দেখা গেছে।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা সদরের বাসিন্দা রাশেদুল ইসলাম বলেন, ‘ব্যক্তিগত জরুরি কাজে ঢাকার মিরপুরে যাচ্ছি। ভাঙ্গা থেকে অটোরিকশায় পথ ভেঙে ভেঙে ও পায়ে হেঁটে দৌলতদিয়ায় আসি। সেখান থেকে ফেরিতে নদী পার হয়ে পাটুরিয়ায়। এখানে এসেও গাড়ি পাচ্ছি না।’ প্রায় আধা ঘণ্টা অপেক্ষার পর এক হাজার টাকা ভাড়ায় একটি মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

গণপরিবহন বন্ধ, সিএনজিচালিত অটোরিকশা ও প্রাইভেটকারে করে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা। শনিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায়
প্রথম আলো

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে মোট ১৬টি ফেরির মধ্যে ১২টি দিয়ে জরুরি যানবাহন পারাপার করা হচ্ছে। এসব যানবাহনের পারাপারের সময় যাত্রীরা ফেরিতে উঠে পড়ছেন।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) আবুল হোসেন গাজী বলেন, সড়কে যেসব যানবাহন চলাচলের অনুমোদন রয়েছে, শুধু সেসব যানবাহন চলাচল করছে। প্রাইভেট কার, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যানসহ অন্যান্য যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে। যাত্রী পরিবহন করায় বেশ কয়েকটি প্রাইভেট কারের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এরপরও মানুষ বিকল্প পথে চলাচল করার চেষ্টা করছে।