লকডাউনের চতুর্থ দিনে সাতক্ষীরায় সংক্রমণের সর্বোচ্চ হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

সাতক্ষীরায় গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৭ জনের নমুনা পরীক্ষা করে ১০৩ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৫৫ দশমিক শূন্য ৮ শতাংশ। এটি জেলায় এযাবৎকালের মধ্যে এক দিনে সর্বোচ্চ শনাক্তের হার। এর আগে রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ৫৩ দশমিক ১৯ শতাংশ।

জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এর মধ্যে দেবহাটা উপজেলার বদরতলা গ্রামের সুশংকর মণ্ডল (৭৫) সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পাঁচ ঘণ্টা পরে সোমবার রাত সাড়ে ১২টার দিকে মারা গেছেন। একইভাবে কালীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রামের মনিরা খাতুন (৪৫) একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাছাকাছি সময়ে মারা গেছেন। এ ছাড়া সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি হওয়ার তিন ঘণ্টার পর সোমবার রাত সাড়ে নয়টার দিকে মারা গেছেন সাতক্ষীরা সদর উপজেলার হাওয়ালখালি গ্রামের আবুল হোসেন (৪৫)।

আরও পড়ুন

সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত বলেন, এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৩২ জনের মৃত্যু হলো। আর করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৪৯ জন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্র জানায়, জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৮৯। বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতালসহ বেসরকারি হাসপাতাল ও বাড়িতে করোনা পজিটিভ রোগী চিকিৎসাধীন ৪৬৫ জন।

জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে ২৩২ জনের মৃত্যু হলো। আর করোনা পজিটিভ শনাক্ত হয়ে মারা গেছেন ৪৯ জন।

এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক কুদরত-ই-খোদা বলেন, হঠাৎ করে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। রবি ও সোমবার হাসপাতালে করোনা রোগীর ভর্তি ছিলেন ৯৮ জন। মঙ্গলবার তা বেড়ে দাঁড়িয়ে ১০৭। একইভাবে সাতক্ষীরা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফয়সাল আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় ৪০ শয্যার হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫। এর আগের ২৪ ঘণ্টায় রোগী ভর্তি ছিলেন ৩৮ জন। তিনি বলেন, এখনই রোগী মেঝেতে রাখতে হচ্ছে। আরও রোগী বাড়লে ভর্তি নেওয়া ও চিকিৎসা দেওয়া যারপরনাই কঠিন হয়ে পড়বে।

সাতক্ষীরায় চতুর্থ দিনের মতো লকডাউন চলছে আজ। সাতক্ষীরা শহরের অধিকাংশ সড়ক বাঁশের ব্যারিকেড দিয়েছে পুলিশ। শহরে লোকজন গত তিন দিনের চেয়ে অনেক কম ছিল। তবে শহরের বড় বাজার, মিল বাজার ও চিংড়ি পোনার বাজার চলেছে। এখানকার ক্রেতাদের সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে উদাসীন দেখা গেছে।

এদিকে করোনা নমুনা পরীক্ষা কম হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি পল্টু বাসার ও নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান। সনাক সভাপতি পল্টু বাসার বলেন, পরিস্থিতি পরপর ভয়াবহের দিকে যাচ্ছে। নমুনা পরীক্ষা বাড়তে হবে। পরীক্ষা করে মানুষকে শনাক্ত করে আইসোলেশনে রাখলেই পরিস্থিতির উন্নতি হবে, মানুষ সচেতন হবে। সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিসিআর যন্ত্র বাড়ানো ও র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে প্রতিটি উপজেলায় পরীক্ষা চালু জরুরি বলে মন্তব্য করেন।