লকডাউনের দ্বিতীয় দিনে পাটুরিয়া ফেরিঘাটে কমেছে যাত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লকডাউনের দ্বিতীয় দিনে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঢাকাগামী যাত্রীর সংখ্যা কমেছে। আজ বুধবার সকালে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট এলাকায়
ছবি: আব্দুল মোমিন

মানিকগঞ্জ শহর ও ঢাকা-আরিচা মহাসড়কে আজ বুধবার লকডাউনের দ্বিতীয় দিন চলছে। জেলা শহরের সড়কগুলোতে যানবাহন চলাচল খুবই কম দেখা গেছে। ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা থাকলেও পুরোপুরি তা মানা হচ্ছে না। ছোট যান চলাচল বন্ধে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবারের চেয়ে আজ পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রীদের যাতায়াতও ছিল কম।

সরেজমিনে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও বারবাড়িয়া এলাকায় পুলিশের চেক পোস্ট দেখা যায়। পণ্যবাহী গাড়ি, লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সব ধরনের যানবাহন চেকপোস্টে আটকে দেওয়া হচ্ছে। চেকপোস্ট এলাকা পায়ে হেঁটে পার হয়ে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও মোটরসাইকেলে করে পাটুরিয়া ও ঢাকাগামী যাত্রীরা যাতায়াত করছেন। তবে গতকালের চেয়ে আজ যাত্রীর সংখ্যা কম দেখা যায়।

মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ১০টি ফেরিতে করে পণ্যবাহী গাড়ি এবং লাশ ও রোগীবাহী অ্যাম্বুলেন্স পারাপার করা হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকাগামী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রীদের ফেরিতে করে গন্তব্যে ফিরতে দেখা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, পণ্যবাহী গাড়ি পারাপারের সময় অল্পসংখ্যক যাত্রী ফেরিতে উঠে পড়েন। বাধ্য হয়ে তাঁদের পার করা হয়।

মানিকগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আবুল হোসেন গাজী বলেন, লকডাউনের নির্দেশনা বাস্তবায়নে ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী গাড়ি এবং লাশবাহী অ্যাম্বুলেন্স ছাড়া সাধারণ যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে মাঝেমধ্যে অটোরিকশা, প্রাইভেট কারে যাত্রী বহনের চেষ্টা হচ্ছে। এসব যান চলাচল বন্ধে মহাসড়কে তাঁরা কাজ করছেন।

এদিকে জেলা শহরে শুধু রিকশা ও মোটরসাইকেল চলাচল করতে দেখা গেছে। তবে এসব যানের সংখ্যা ছিল কম। সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলাচল করতে দেখা গেছে। তাঁদের অনেকেই মুখে মাস্ক ছাড়া বের হয়েছেন।

জেলা শহরে বিপণিবিতান, শপিং মল ও দোকানপাট বন্ধ রাখতে মাইকিং করা হলেও ব্যবসায়ীদের কেউ কেউ তা মানছেন না। আজ দুপুরে শহরের প্রধান সড়ক শহীদ রফিক সড়কে পোশাক ও মনিহারি পণ্যের বেশ কয়েকটি দোকানের অর্ধেক খোলা দেখা গেছে। এসব দোকানের সামনে সড়কে চেয়ারে বসে বিক্রয়কর্মীরা ক্রেতাদের ডাকাডাকি করছেন। মাঝেমধ্যে টহল পুলিশ চলে এলে দ্রুত সাটার নামিয়ে কেটে পড়ছেন দোকানিরা। তবে ব্যাংক, বিমা, বিভিন্ন অফিস ও আদালত খোলা থাকলেও সেখানে মানুষজনের উপস্থিতি ছিল সীমিত।

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার কাঁচামালের ব্যবসায়ী খোরশেদ আলম বলেন, ‘লকডাউনের মধ্যে গাড়ি কম, তাই বাইরে মানুষও কম। জরুরি দরকার না অইলে, তরকারি কিনতে মানুষজন কম আহে।’

লকডাউনে উপার্জন কমে যাওয়ায় পরিবার নিয়ে কষ্টে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। জেলা সদরের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড-বাংলাদেশ হাট সড়কে প্রায় ২০ বছর ধরে রিকশা চালান জয়রা এলাকার আরশেদ আলী। আজ দুপুরে জয়রা উচ্চবিদ্যালয়ের সামনে কথা হলে তিনি বলেন, ‘লকডাউনে মানুষজন বাইরে কম আহে। যাত্রী কইম্যা যাওনে আয়-রোজগার কইম্যা গ্যাছে। পরিবার নিয়া বিপদে আছি।’