লকডাউনের মধ্যেই চলছিল বাসটি, উল্টে গিয়ে নিহত চালক-সহকারী
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় চলছে লকডাউন। এর আওতায় নিষেধাজ্ঞা রয়েছে গণপরিবহন চলাচলে। তবু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে চলছিল বাসটি। বেপরোয়া গতিতে চলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক ও তাঁর সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। আজ সোমবার সকালে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত বাসচালকের নাম আবদুল মতিন (৫৫)। তিনি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নজিরপুর গ্রামের বাসিন্দা। নিহত অপরজন হলেন বাসচালকের সহকারী রিফাত হোসেন (২০)। তাঁর বাড়িও একই এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, করোনার বিস্তার ঠেকাতে আজ শুরু হয়েছে লকডাউন। এর আওতায় মহাসড়কে দূরপাল্লার গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যেই যাত্রী নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে যাচ্ছিল সিডিএম ট্রাভেলস নামের একটি পরিবহনের বাস। তাতে যাত্রী হিসেবে ছিলেন ২৩ জন। সোমবার আনুমানিক সকাল ছয়টার দিকে বাসটি কুমিল্লার চান্দিনা উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। বেপরোয়া গতিতে চলার সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই চালক মতিন ও সহকারী রিফাত মারা যান। দুর্ঘটনায় আহত অন্তত পাঁচজন যাত্রীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার ঘটনাস্থলে যান। পরে তিনি হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের খোঁজখবর নেন। আহত ব্যক্তিদের মধ্যে বাসের সুপারভাইজার আলী হোসেনকে (৩৫) পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক সালেহ আহম্মেদ বলেন, অতিরিক্ত গতিতে বাসটি মহাসড়ক দিয়ে চলাচলের সময় এ ঘটনা ঘটেছে। বাসটির সুপারভাইজার আলী হোসেনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।