লক্ষণীয়ভাবে কমেছে ফরমালিন আমদানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে ফরমালিনের আমদানি লক্ষণীয়ভাবে কমেছে। গত দুই বছরে প্রতি মাসে গড়ে ৮০০ টন ফরমালিন আমদানি করা হয়েছিল। আর গত আড়াই মাসে আমদানি হয়েছে মাত্র ২৬৬ টন। তা-ও ব্যক্তি খাতে নয়, তিনটি শিল্পপ্রতিষ্ঠান আসবাব তৈরির কাঁচামাল হিসেবে এ ফরমালিন আমদানি করেছে।
নিরাপদ খাদ্য নিয়ে গবেষণা ও আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো একে ইতিবাচক বলে মনে করছেন। তাঁরা বলছেন, ফরমালিন আমদানি নিয়ন্ত্রণের এ ধারাবাহিকতা অক্ষুণ্ন থাকলে খাদ্যে ফরমালিনের বেপরোয়া ব্যবহার আরও কমে আসবে এবং জনস্বাস্থ্যের ওপর এর ইতিবাচক প্রভাব পড়বে।
আমদানি নীতিতে রাসায়নিক আমদানিসংক্রান্ত বিধি সংশোধন করে গত ৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে সরকার। এরপর গত আড়াই মাসে চট্টগ্রাম কাস্টম হাউস ফরমালিনের মাত্র চারটি চালান খালাসের ছাড়পত্র দেয়। ব্যক্তিপর্যায়ে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে খুচরা বাজারে ফরমালিন সহজে পাওয়া যাচ্ছে না। ঢাকা ও চট্টগ্রামের রাসায়নিকের বাজারে আগের তুলনায় দুই থেকে তিন গুণ বেড়েছে ফরমালিনের দাম।
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, গত ৭ আগস্টের পর তিনটি প্রতিষ্ঠান উচ্চ আদালতে চারটি রিট করে ২৬৬ দশমিক ২৫ টন রাসায়নিক চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করে নেয়। এর মধ্যে ১৪৪ টন প্যারাফরমালডিহাইড। বাকিটা মিথান্যাল বা ফরমালডিহাইড।
মাছ, মাংস, ফলমূল, সবজিসহ বিভিন্ন ভোগ্যপণ্যে ফরমালিন মিশ্রণ ঘটিয়ে তাজা রেখে বিক্রি করে আসছিল একশ্রেণির বিক্রেতা। এ রাসায়নিক জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বলে দাবি করে আসছেন স্বাস্থ্যবিশেষজ্ঞরা।
চট্টগ্রাম কাস্টমস কমিশনার মো. মাসুদ সাদিক প্রথম আলোকে বলেন, ‘সরকার সম্প্রতি এ পণ্যের আমদানির বিষয়ে কিছু নিয়মকানুন তৈরি করে দিয়েছে। আমরা সেটা প্রতিপালন করে ছাড়পত্র দিচ্ছি। ফলে অচিরেই ফরমালিনের আতঙ্ক থেকে মুক্তি পাওয়া যাবে বলে আমরা মনে করছি।’
চট্টগ্রাম কাস্টম হাউস সূত্র জানায়, ২০১০-১১ অর্থবছরে দেশে সাত হাজার ২৬৮ মেট্রিক টন এবং ২০১১-১২ অর্থবছরে সাত হাজার ৮৩৩ মেট্রিক টন ফরমালিন-জাতীয় রাসায়নিক আমদানি হয়। ২০১২-১৩ অর্থবছরে দেশে ফরমালিনের আমদানি অস্বাভাবিক হারে বেড়ে ১০ হাজার ৩৯৭ টন এবং ২০১৩-১৪ অর্থবছরে তা ১১ হাজার টন অতিক্রম করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক প্রথম আলোকে বলেন, দেশে শিল্পপ্রতিষ্ঠানে ব্যবহারের জন্য বছরে ১০০ মেট্রিক টনের বেশি ফরমালিনের প্রয়োজন নেই। তিনি বলেন, সরকারের উচিত ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ফরমালিন আমদানি করা। শিল্পপ্রতিষ্ঠানগুলো এখান থেকে তাদের প্রয়োজন অনুযায়ী ফরমালিন নেবে। এতে খাদ্যে ফরমালিনের ব্যবহার বন্ধ হবে।
গত ২৬ জুন প্রথম আলোতে ‘অন্য নামে বছরে দেড় হাজার টন ফরমালিন আমদানি’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে কাস্টমসের সূত্র উল্লেখ করে জানানো হয়, গত বছর দেশে যে ১১ হাজার টন ফরমালিন আমদানি হয়েছে তার মধ্যে ফরমালিন নামে ১১ টন এবং বাকিগুলো ফরমালিনের অন্য রাসায়নিক নাম প্যারাফরমালডিহাইড সলিউশন নামে আমদানি হয়। একইভাবে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্যারাফরমালডিহাইড সলিউশন নামে প্রায় সাড়ে পাঁচ হাজার টন এবং ফরমালিন নামে মাত্র ১৯ কেজি আমদানি হয়েছিল।
আমদানি নীতি আদেশ ২০১২-১৫-এর ২৪ অনুচ্ছেদে ৩৯-ক ধারা যুক্ত করে গত বছরের ১৮ মার্চ ফরমালিন আইনের যে সংশোধনী আনা হয়, তাতে সব জায়গায় ‘ফরমালিন’ শব্দটির ব্যবহার ছিল। কোথাও ফরমালিনের জেনেরিক বা রাসায়নিক নাম এবং ব্যবহার নিয়ে কিছু বলা ছিল না। ফলে নানা নামে হাজার হাজার টন ফরমালিন আমদানি হচ্ছিল।
রাসায়নিক নামসহ ফরমালিনের সংজ্ঞা পুনর্নির্ধারণ করে গত ৭ আগস্ট প্রজ্ঞাপন জারি করে সরকার। এতে ৩৯-ক ধারায় বলা হয়, ফরমালডিহাইড, ফরমালডিহাইড সলিউশন, মিথান্যাল সলিউশন, মিথালাইলডিহাইড, মিথালাইলডিহাইড সলিউশন, প্যারাফরমালডিহাইড, প্যারাফরমালডিহাইড সলিউশন, প্যারাফরম, ফরমাজিন, ফরমল, মরবিসিড ও ফরমালিন, অতঃপর এই উপ-অনুচ্ছেদে ‘উক্ত পণ্য’ বলে উল্লেখপূর্বক আমদানিযোগ্য হবে। তবে আমদানিকারকদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে আমদানির আবেদন করতে হবে।
বিনিয়োগ বোর্ডের উপপরিচালক ও সরকারের উপসচিব মো. মাহবুব কবীর এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘শিল্পকারখানা ছাড়াও কিছু হাসপাতালে ফরমালিন ব্যবহার হয়। কারখানায় ব্যবহারের জন্য আমাদের অনুমতি নিতে হয়। প্রজ্ঞাপন জারির পর এ পর্যন্ত মাত্র একটি কারখানার মালিকপক্ষ আমাদের কাছে এসেছে আমদানির অনুমতির জন্য।’
ফরমালিন নিয়ন্ত্রণ আইন: ফরমালিনের অপব্যবহার রুখতে গত ৩০ জুন ‘ফরমালিন নিয়ন্ত্রণ আইন ২০১৪’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন পায় মন্ত্রিসভায়। কিন্তু তা এখনো সংসদে পাস হয়নি। অনুমোদিত খসড়ায় ফরমালিনের অপব্যবহারের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এ আইনে ভ্রাম্যমাণ আদালতে বিচার করতে পারবে। গ্রেপ্তার করা যাবে পরোয়ানা ছাড়া।
উপসচিব মো. মাহবুব কবীর বলেন, ফরমালিন নিয়ন্ত্রণ আইন সংসদে পাস হলে খোলা বাজারে বিক্রি বন্ধ হয়ে যাবে। এতে মাছ, মাংসসহ বিভিন্ন ভোগ্যপণ্যে ফরমালিন ব্যবহারের প্রবণতা কমে আসবে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নিরাপদ খাদ্য প্রকল্পের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক শাহ মনির হোসেন প্রথম আলোকে বলেন, ফরমালিনের মতো রাসায়নিকের আমদানি কমে যাওয়ায় এটা বলা যায়, আইনের প্রয়োগের মাধ্যমে অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে খাদ্যে এ ধরনের রাসায়নিকের মাত্রাছাড়া ব্যবহার বন্ধ নির্ভর করছে নিরাপদ খাদ্য আইনের বাস্তবায়নের ওপর। সরকার এ আইনি পাস করেছে। কিন্তু তা এখনো বাস্তাবায়ন হয়নি। কারণ, এর জন্য নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করার বিধান থাকলেও তা করা হয়নি। ফলে আইনের সঠিক প্রয়োগই নিরাপদ খাদ্যের নিশ্চিয়তা দিতে পারে।