লক্ষ্মীপুর হাসপাতালে ৭ ঘণ্টা পর কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ ট্যাংকে বুধবার দুপুরে অক্সিজেনের মজুত ফুরিয়ে যায়
প্রথম আলো

লক্ষ্মীপুর সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ সাত ঘণ্টা ধরে বন্ধ থাকার পর সন্ধ্যায় চালু হয়েছে। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর রোগীদের সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়া শুরু করে কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা সাতটার দিকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ পুনরায় চালু হয়। এ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩০ জন রোগী ভর্তি রয়েছেন।

কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে রোগীর স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন। অনেকে অক্সিজেন সিলিন্ডার কেনার জন্য এদিক-সেদিক ঘোরাঘুরি করতে থাকেন।

করোনা রোগীদের বাড়ি বাড়ি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া স্বেচ্ছাসেবী সংগঠন মেঘ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফাহাদ বিন বেলায়েত বলেন, সদর হাসপাতালে কেন্দ্রীয় অক্সিজেন শেষ হওয়ার পর রোগীর আত্মীয়রা উদ্বিগ্ন হয়ে সিলিন্ডারের জন্য তাঁদের ফোন দেন। তাঁদের কাছে দুটি সিলিন্ডার ছিল। সে দুটিও দিয়েছেন দুজন রোগীর স্বজনকে।

দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ বন্ধ হওয়ার পর থেকে রোগীর স্বজনেরা উদ্বিগ্ন হয়ে পড়েন।

ফাহাদ বিন বেলায়েত বলেন, তিনি আজ (বুধবার) তিনবার করোনা ওয়ার্ডে গিয়ে দেখেন, ভর্তি ৩০ জন রোগীর অধিকাংশের অবস্থাই জটিল ছিল। ভর্তি রোগীদের এখন প্রচুর অক্সিজেন প্রয়োজন। সময়মতো অক্সিজেন না পৌঁছালে অনেক বড় ক্ষতির আশঙ্কা ছিল।

মান্দারি গ্রামের জাকির হোসেন বলেন, তাঁর বোন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। দুই দিন ধরে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। হাসপাতালের কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ বন্ধের পর তাঁরা হতাশ হয়ে পড়েন।

জানতে চাইলে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আনোয়ার হোসেন বলেন, সন্ধ্যা ছয়টার দিকে অক্সিজেন চলে এসেছে। পরে সাতটার দিকে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ শুরু করা হয়। তিনি আরও জানান, চট্টগ্রামের এক্সফেডা নামের একটি কোম্পানি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করে। অক্সিজেন শেষ হলে কোম্পানির লোকজন অক্সিজেন এনে ট্যাংকে মজুত করেন। ট্যাংক থেকে করোনা ওয়ার্ডে কেন্দ্রীয় অক্সিজেন সরবরাহ করা হয়। অক্সিজেন ফুরিয়ে আসার বিষয়ে ওই কোম্পানিকে আগেই জানিয়েছিলেন বলে দাবি করেন আরএমও।।