লক্ষ্মীপুরে আরও ১৮ জনের করোনা শনাক্ত

লক্ষ্মীপুর জেলায় আরও ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৬জন। এ নিয়ে লক্ষ্মীপুর জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৯০।
গতকাল রোববার রাতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে থেকে এ ১৮ ব্যক্তির নমুনা পরীক্ষার ফল লক্ষ্মীপুর সিভিল সার্জন কার্যালয়ে এসেছে।
গত ১২ এপ্রিল জেলায় প্রথম কোভিড-১৯ এ আক্রান্ত হয় রামগঞ্জ উপজেলার এক ব্যক্তি। সে থেকে গড়ে প্রতিদিন পাঁচজন করে আক্রান্ত হচ্ছিল। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ১৩ এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলা লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে।
জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৮৬টি নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। এর মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। তাদের মধ্যে লক্ষ্মীপুর সদরে ১৬ জন, রামগঞ্জে ১ জন ও রায়পুরে ১ জন। জেলার পাঁচটি উপজেলায় গত দুই মাসে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯০। এর মধ্যে সদর উপজেলায় ১৩৮জন, রায়পুরে ৪৮জন, রামগঞ্জে ৫৬ জন, কমলনগরে ২৬ জন ও রামগতিতে ২২ জন। তাঁদের ১৪৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। জেলায় এ পর্যন্ত মৃত পাঁচজন ব্যক্তির করোনা পজিটিভ প্রতিবেদন এসেছে।
লক্ষ্মীপুরের সিভিল সার্জন মো. আব্দুল গাফ্ফার বলেন, ‘২৪ ঘণ্টায় আরও ১৮ জন রোগী শনাক্ত হয়েছে। তা ছাড়া ৫৭২টি নমুনার প্রতিবেদন এখনো আমাদের হাতে পৌঁছায়নি।’