লক্ষ্মীপুরে ইয়াবাসহ চেয়ারম্যানের ছেলে গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ইয়াবাসহ এক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ১০টার দিকে সদর উপজেলার দালাল বাজার থেকে মিনহাজ হাসান ওরফে ইপ্তিকে (২৬) ২০টি ইয়াবাসহ গ্রেপ্তারের দাবি করে পুলিশ। এ ঘটনায় রাতেই লক্ষ্মীপুর সদর থানায় দালাল বাজার পুলিশ ক্যাম্পের ইনর্চাজ মো. শাহ জাহান বাদী হয়ে মামলা করেন। আজ সোমবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মিনহাজ হাসান রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম ইউছুফ জালাল কিসমতের ছেলে।
পুলিশ জানায়, মিনহাজ হাসান রায়পুর উপজেলার বাসিন্দা। তিনি প্রায়ই সদর উপজেলার দালাল বাজার এলাকায় এসে ইয়াবা বড়ি বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে।
তবে মিনহাজ হাসানের দাবি, পুলিশ তাঁকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করেছে। তিনি মাদক বিক্রি করেন না।
মিনহাজের বাবা ইউপি চেয়ারম্যান ইউছুফ জালালের সঙ্গে কথা বলার জন্য আজ একাধিকবার মুঠোফোনে কল করা হলেও তিনি কল ধরেননি।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিনহাজকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁর কয়েকজন সহযোগী পালিয়ে যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।