লক্ষ্মীপুরে কৃষক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবংশী এলাকার আলী আকবর কারী নামের এক কৃষককে কুপিয়ে হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বেকসুর খালাস পেয়েছেন তিন আসামি। তাঁদের সবার বাড়ি রায়পুর উপজেলায়।

আজ বুধবার দুপুরে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন বলেন, দীর্ঘ শুনানি শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রায় ঘোষণা করেন। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. জসিম, সফিকুর রহমান, রুবেল হোসেন, নুর মিয়া ব্যাপারী ও তৌহিদুর রহমান। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. জুয়েল, মো. মোক্তার হোসেন ও রাহেলা বেগম। তাঁদের মধ্যে জুয়েল ও মোক্তার আদালতে উপস্থিত ছিলেন না। খালাস পাওয়া ব্যক্তিরা হলেন ওসমান কবিরাজ, উম্মে হাবিবা ও সুমাইয়া।

সরকারি কৌঁসুলি মো. জসিম উদ্দিন আরও বলেন, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আলী আকবর কারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় মামলায় মোট আসামি ছিলেন ১১ জন। ১৫ সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আজ রায় দেন।

মামলা ও আদালতের নথির সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট গ্রামের কৃষক আলী আকবরের সঙ্গে প্রতিবেশী নুরুল ইসলামের জমি নিয়ে বিরোধ ছিল। ২০১৮ সালের ৭ সেপ্টেম্বর বিরোধপূর্ণ জমি থেকে নুরুল ইসলামের পরিবার ডাব পাড়তে যায়। এতে আলী আকবর বাধা দেন। একপর্যায়ে নুরুল ইসলাম, তাঁর ছেলে মো. জসিমসহ আসামিরা আলী আকবরকে কুপিয়ে জখম করেন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে তাঁর ছেলে তহিরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ মো. জসিমকে প্রধান করে ১১ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পুলিশ ২০১৯ সালের ১ এপ্রিল এ মামলায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করে মামলার বাদী ও আলী আকবরের ছেলে তহিরুল ইসলাম বলেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি হয়েছে। এটি উচ্চ আদালতেও যাতে বহাল থাকে, সেই প্রত্যাশা তাঁর।