লক্ষ্মীপুরে গাছের সঙ্গে বাঁধা বৃদ্ধের লাশ উদ্ধার, ছেলেসহ আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরে গাছের সঙ্গে হাত–পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকার একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহতের নাম মিলন হোসেন (৬০)। নিহত মিলন দিঘলী ইউনিয়নের দক্ষিণ খাগুরিয়া এলাকার মৃত আনোয়ার মিয়ার ছেলে। এ ঘটনায় নিহতের ছেলে মোশাররফ হোসেন ও ছেলের স্ত্রী জাহানারা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে গতকাল রাতের যেকোনো সময় মিলনকে পিটিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। আজ সকালে মিলনের বাড়ির কাছের একটি বাগানের গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় মিলনের লাশ দেখতে পান স্থানীয় ব্যক্তিরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোসলেহ উদ্দিন বলেন, গাছের সঙ্গে হাত বাঁধা অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর গলায়ও জখমের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও ছেলের স্ত্রীকে আটক করা হয়েছে।