লক্ষ্মীপুরে জেলা প্রশাসক-ইউএনওর নম্বর ক্লোন করে টাকা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপরাধ
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র বিভিন্নজনের কাছ থেকে অর্থ দাবি করেছে। একইভাবে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন দাশের মুঠোফোন নম্বরও ক্লোন করেছে প্রতারক চক্র।

এদিকে কেউ যেন প্রতারণার শিকার না হন, সে জন্য সবাইকে সতর্ক করে গতকাল বুধবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন জেলা প্রশাসক ও ইউএনও।

জেলা প্রশাসক তাঁর ফেসবুক পোস্টে বলেন, ‘সরকারি মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করেছে। চক্রটি বিভিন্নজনের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর থেকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। চক্রটির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

দাপ্তরিক মুঠোফোন নম্বর ক্লোন করে সম্প্রতি বিভিন্নজনের কাছ থেকে অর্থ দাবি করা প্রতারক চক্রের হাত থেকে সবাইকে সতর্ক করতে রায়পুরের ইউএনও ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। ইউএনও অঞ্জন দাশ বলেন, প্রতারক চক্র বিভিন্নজনকে সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন, ভয় ও হুমকি দিয়ে অর্থ দাবি করছে। এতে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। এ বিষয়ে তিনি কিছুই জানেন না। প্রতারক চক্র কারও কাছ থেকে কোনো অর্থ দাবি করলে দ্রুত তাঁকে জানানোর জন্য অনুরোধ করেন।