লক্ষ্মীপুরে জ্বর-শ্বাসকষ্টে মৃত তরুণের করোনা 'নেগেটিভ', তিন ভাইবোনের 'পজিটিভ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ১৯ এপ্রিল মারা যান এক তরুণ (১৮ )। তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন করোনা 'নেগেটিভ' এসেছে। অথচ তাঁর সংস্পর্শে আসা দুই ভাই ও এক বোনের প্রতিবেদন 'পজিটিভ' এসেছে।

সোমবার বিকেলে ওই তরুণের সংস্পর্শে আসা আরও সাতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর আগে রোববার রাতে চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল থেকে আসা প্রতিবেদনে তাঁর তিন ভাইবোন করোনাভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত হয়।

স্বাস্থ্য বিভাগে কর্মরত একজন চিকিৎসক প্রথম আলোকে বলেন, মারা যাওয়া তরুণ আসলে করোনায় আক্রান্ত ছিলেন। এ কারণেই তাঁর সংস্পর্শে আসা তিনজন আক্রান্ত হয়েছেন। মূলত নমুনা সংগ্রহে দেরি হওয়ায় ওই তরুণের নমুনা পরীক্ষার প্রতিবেদন 'নেগেটিভ' এসেছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল এলাকার ওই তরুণ সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। তিনি গাজীপুরের আব্দুল্যাপুরের একটি হোটেলের কর্মচারী ছিলেন। জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল তিনি মারা যান। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে। একই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা দুই ভাই ও এক বোনের নমুনাও সংগ্রহ করা হয়। রোববার রাতে চট্টগ্রামের বিআইটিআইডি থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন আসে। এতে মারা যাওয়া তরুণের করোনা নেগেটিভ হলেও তাঁর তিন ভাই-বোনের পজিটিভ আসে।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফ্ফার বলেন, নির্ধারিত সময়ের পর মৃত ব্যক্তির করোনা নেগেটিভ হয়ে যেতে পারে। নমুনা সংগ্রহে বিলম্ব হওয়ায় ওই তরুণের করোনা নেগেটিভ এসেছে বলে ধারণা করছেন তাঁরা।

লক্ষ্মীপুর জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন চিকিৎসক ও চারজন স্বাস্থ্য বিভাগের কর্মী। আক্রান্তদের মধ্যে শুধু রামগঞ্জের ১৬ জন। করোনাভাইরাসের বিস্তার রোধে ১৩ এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।