লক্ষ্মীপুরে জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে যুবকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় জ্বর-সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে ৩২ বছর বয়সের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার চর আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর এলাকার নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
মারা যাওয়া ওই যুবক স্থানীয় খায়েরহাট বাজারের ব্যবসায়ী ছিলেন। এ ঘটনায় তিনটি বাড়ি লকডাউন করে প্রশাসন। পাশাপাশি তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে পাঠানো হয়েছে।
রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১০-১২ দিন ধরে জসিম জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। এক সপ্তাহ আগে তিনি স্থানীয় এক উপসহকারী কমিউনিটি চিকিৎসা কর্মকর্তার কাছে চিকিৎসার জন্য যান। উপসর্গ দেখে ওই সময় চিকিৎসক তাকে করোনা পরীক্ষার পরামর্শ দিলেও তিনি তা করেননি। পরে রোববার ভোরে শ্বাসকষ্ট বেড়ে জসিমের মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা কামনাশিস মজুমদার বলেন, মারা যাওয়ার ওই যুবকের শ্বাসকষ্ট ও জ্বর ছিল। করোনা ছিল কি না তা বলা যাচ্ছে না। সতর্কতার অংশ হিসেবে তাঁর মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছে।
রামগতি থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, এ ঘটনায় ওই যুবকের বাড়িসহ তিনটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
লক্ষ্মীপুর জেলায় এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ জন। এর মধ্যে শুধু রামগঞ্জেই ১৬ জন। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গত ১৩ এপ্রিল থেকে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে।