লক্ষ্মীপুরে জ্বর-শ্বাসকষ্টে মৃত তিনজন করোনায় আক্রান্ত ছিলেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

লক্ষ্মীপুরে জ্বর–শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া তিন ব্যক্তির নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হয়নি। আজ মঙ্গলবার চট্টগ্রামের বিআইটিআইডি হাসপাতাল থেকে পাওয়া পরীক্ষার ফলে এ কথা জানানো হয়।

লক্ষ্মীপুরের সিভিল সার্জন আবদুল গাফফার প্রথম আলোকে বলেন, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে তিনজন মারা যান। সতর্কতার অংশ হিসেবে তাদের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামের বিআইটিআইডিতে পাঠানো হয়েছিল। বিআইটিআইডি থেকে পরীক্ষার ফল পাঠানো হয়েছে। ওই ফল নেগেটিভ এসেছে। অর্থাৎ মারা যাওয়া তিন ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন না।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গুণময় পোদ্দার বলেন, তাঁর এলাকার ৪০ বছর বয়সী ব্যক্তি মৃত্যুর আগে চার-পাঁচদিন ধরে সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। এ জন্য তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পরে গত শনিবার নিজের বাড়িতে তিনি মারা যান। এ ঘটনায় একটি বাড়ির সাতটি পরিবারকে লকডাউন করা হয়।

কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের বলেন, গত শুক্রবার তাঁর এলাকার ৫০ বছর বয়সী ব্যক্তি জ্বর–শ্বাসকষ্টে মারা যান। একই দিন ৫৫ বছর বয়সী আরেক ব্যক্তি জ্বর–শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর ডায়াবেটিস ছিল। পরে ওই দুজনের এলাকার তিনটি বাড়ির দশটি পরিবারকে লকডাউন করা হয়।