লক্ষ্মীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্রের মৃত্যু
লক্ষ্মীপুর সদরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুলছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে নয়টায় পৌর শহরের জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল কুদ্দুস ওরফে প্রান্ত (১৫) লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। সে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের আবুল খায়েরের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, কুদ্দুস লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিল। জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস অতিক্রম করতে গেলে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে ট্রাকসহ চালককে আটক করে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মৌমিনুল হক বলেন, চালককে আটক করা হয়েছে। ট্রাকটিও জব্দ করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।