লক্ষ্মীপুরে থানায় নিরাপত্তা চেয়ে ফেরার পথে ছাত্রলীগের দুই নেতা হামলার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরে ছাত্রলীগের সাবেক দুই নেতা থানায় এসেছিলেন নিজেদের নিরাপত্তা চাইতে। পরে তাঁরা থানা থেকে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন। গতকাল শনিবার রাত ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের সমতা সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ (৩০) ও চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (৩৪)। তাঁদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আজ রোববার বিকেলে ৯ জনকে আসামি করে মামুনুর রশিদ চন্দ্রগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন আহত ব্যক্তিরা।

ছাত্রলীগের ওই দুই নেতা ও পুলিশ সূত্রে জানা যায়, নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আইনুল আহম্মেদ পরাজিত হওয়ার পর বর্তমান চেয়ারম্যান নুরুল আমিনের লোকজন কাজী মামুনুর রশিদকে হুমকি দিয়ে আসছেন। এ নিয়ে গতকাল রাতে মামুনুর রশিদ ও সাইফুল ইসলাম চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হককে বিষয়টি অবহিত করতে যান। পরে থানা থেকে বের হয়ে রাত ১১টার দিকে তাঁরা মোটরসাইকেলে চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় চেয়ারম্যান নুরুল আমিনের লোকজন তাঁদের ওপর হামলা চালান। এতে মামুনুর রশিদের মাথা এবং সাইফুল ইসলাম চোখ ও মাথায় আঘাত পান। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় ছাত্রলীগ নেতা–কর্মীরা চন্দ্রগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল করেন।

স্বতন্ত্র থেকে নির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এর আগে ২০২০ সালের ২০ অক্টোবর উপনির্বাচনে দলীয় প্রতীকে ভোট করে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন।

কাজী মামুনুর রশিদ বলেন, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চন্দ্রগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে কাজ করায় বর্তমান চেয়ারম্যান ঘোড়া প্রতীকের নুরুল আমিনের লোকজন এ হামলা চালিয়েছেন। চন্দ্রগঞ্জ এলাকার মনির হোসেন, রিয়াজ হোসেনসহ ৩০-৩৫ জন এ হামলায় জড়িত ছিলেন। তাঁরা সবাই নুরুল আমিনের লোকজন।

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন বলেন, ‘হামলার ঘটনাটি শুনেছি। কিন্তু ঘটনার সঙ্গে আমি বা আমার লোকজন জড়িত নন। রাজনৈতিক প্রতিহিংসার জেরে ঘটনার দায় আমার ওপর চাপাচ্ছে।’

ওসি এ কে ফজলুল হক বলেন, ‘হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে। থানা থেকে বের হওয়ার পর তাঁরা হামলার শিকার হয়েছে বলে জেনেছি।’