লক্ষ্মীপুরে নৌকা ও বিদ্রোহী প্রার্থীর কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ককটেল বিস্ফোরণ
প্রতীকী ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণার শেষ রাতে লক্ষ্মীপুরের কমলনগরের চরকাদিরা ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে ইউনিয়নের ফজু মিয়ার হাটে এ ঘটনা ঘটে।

এদিকে পাল্টাপাল্টি ধাওয়ার সময় নৌকার প্রার্থী নুরুল ইসলামের কর্মী-সমর্থকেরা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইব্রাহিম বাবুল মোল্লা (চশমা) ও স্বতন্ত্র প্রার্থী হোসেন হাওলাদারের (আনারস) নির্বাচনী অফিস ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের তিন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচারণার শেষ দিনে গতকাল সন্ধ্যায় চশমা ও আনারস প্রতীকের নির্বাচনী অফিসে সভা চলছিল। এ সময় নৌকার সমর্থকেরা তাঁদের ধাওয়া করেন। পরে নৌকার কর্মী-সমর্থকেরা বাবুল মোল্লা ও হোসেন হাওলাদারের নির্বাচনী অফিসে ভাঙচুর চালান। এদিকে রাতে ফজু মিয়ার হাটে এক পথসভায় বাবুল মোল্লা ‘উসকানিমূলক’ বক্তব্য দিলে নৌকা ও বাবুলের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

তবে নৌকার প্রার্থী নুরুল ইসলামের ভাষ্য, নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ সঠিক নয়। স্বতন্ত্র প্রার্থীদের লোকজন তাঁর সমর্থকদের ধাওয়া করেছেন বলে তিনি দাবি করেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন বলেন, সংঘর্ষের খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে। এ ছাড়া গতকাল রাতের ঘটনা এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি পুলিশ।

প্রসঙ্গত, আগামীকাল বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে জেলার কমলনগর উপজেলার চরমার্টিন, চর কাদিরা, চরলরেন্স ও রামগতি উপজেলার চরগাজী ইউপিতে ভোট গ্রহণ হবে। এর মধ্যে চরলরেন্স ইউপিতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।