লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে চন্দ্রগঞ্জ বাজারের বিসমিল্লাহ সড়কের মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুল গনি মোল্লা (৫৫)। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের একটি খাবার হোটেলের বাবুর্চির কাজ করতেন। গতকাল রাতে আবদুল গনি মসজিদ থেকে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয় লোকজন জানান, আবদুল গণি চন্দ্রগঞ্জের একটি মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে বের হন। বাড়ি ফেরার পথে বিসমিল্লাহ সড়কের মাথায় পৌঁছালে নোয়াখালীগামী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। এতে আবদুল গণি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

জানতে চাইলে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী বলেন, পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহত আবদুল গনির স্বজনদের খবর দেওয়া হয়েছে।